সংসদ নির্বাচন ও গণভোট

যাত্রী ও রেলের অবকাঠামো নিরাপত্তায় বিশেষ সতর্কতা

নির্বাচন ভণ্ডুলে আওয়ামী নাশকতার ছক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কোনো স্বার্থান্বেষী মহল যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে রেলপথের যাত্রী সাধারণ, ট্রেন ও রেলওয়ের সার্বিক অবকাঠামোর ক্ষতিসাধন করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে।

গতকাল শনিবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এমন নির্দেশনা দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতামূলক কার্যক্রম গ্রহণের আশঙ্কা রয়েছে। এ কারণে রেলের যাত্রী ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা বিধানে করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে কোনো প্রকার নাশকতা কিংবা ক্ষতিসাধনের কোন প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক নিকটস্থ রেল স্টেশনে কর্মরত কর্মচারী সংশ্লিষ্ট গেটকিপার অথবা রেল পুলিশকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের হট লাইন ১৩১ নম্বরে ফোন করে কর্তৃপক্ষকে অবহিত করা যাবে বলে রেলপথ মন্ত্রলালয়ের সিনিয়র জনসংযোগ অফিসার রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনৈক এক নারী ভিডিও বার্তায় দেশ থেকে বিতাড়িত ফ্যাসিবাদ চক্রের মূল হোতা ভারতে পলাতক আওয়ামী লীগের খুনীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে দেশের অভ্যন্তরে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করছিলেন। এই ভিডিও কোথা থেকে করা হয়েছে তা জানা সম্ভব হয়নি।

ওই নারীর বক্তব্য মতে, নির্বাচন বানচালকারীরা তাদের টার্গেট বাস্তবায়নে রেলপথের অবকাঠামো, নদীপথ এবং সড়কপথে বিশেষ করে আন্তঃনগর রোডে চলাচলকারী টার্গেটকৃত বাসে ‘টাইম বোমা’ জাতীয় বস্তু রেখে অভিনব কায়দায় বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ক্ষতিসাধনের পরিকল্পনা নিয়েছে। ষড়যন্ত্রকারীদের পরিকল্পনার কথা নানাভাবে ফাঁস হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন। এমন আফঙ্কা থেকেই হয়তোবা রেলপথ মন্ত্রণালয় সারা দেশের কর্মকর্তা কর্মচারীদের আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।