মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনা : নিহত ১৩
Printed Edition
বিবিসি
মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়াহাকা রাজ্যে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ট্রেনটি মেক্সিকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী রুটে চলাচল করছিল। দুর্ঘটনার সময় ট্রেনে ছিলেন ২৪১ জন যাত্রী ও ৯ জন ক্রু। আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নিজান্দা শহরের কাছে একটি বাঁক ঘোরার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরো জানান, নেভির সেক্রেটারিসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। দুর্ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা লাইনচ্যুত ট্রেন থেকে যাত্রীদের নামতে সহায়তা করছেন। ট্রেনটি রেললাইন থেকে ছিটকে পড়ে আংশিকভাবে একটি খাদের পাশে কাত হয়ে যায়। নৌবাহিনী জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের বন্দর সালিনা ক্রুজকে উপসাগরীয় উপকূলের কোয়াটজাকোয়ালকোসের সাথে যুক্ত করা ‘ইন্টারওশেনিক’ ট্রেনটি দু’টি লোকোমোটিভ এবং চারটি যাত্রীবাহী বগি ছিল। মেক্সিকোর নৌবাহিনী দেশটির রেলওয়ে নেটওয়ার্ক পরিচালনা করে।
ওয়াহাকা রাজ্যের গভর্নর সলোমোন জারা ক্রুজ এক বিবৃতিতে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজ্য সরকার ফেডারেল সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করছে। আঞ্চলিক অর্থনীতি চাঙ্গা করতে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের উদ্যোগে দুই বছর আগে ইন্টারওশেনিক রেল সংযোগটি উদ্বোধন করা হয়েছিল।