কালাইয়ে হঠাৎ বৃষ্টি, তলিয়ে গেছে ফসল

Printed Edition

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

জয়পুরহাটের কালাইয়ে গতকাল সকালে হঠাৎ বৃষ্টিতে তলিয়ে গেছে উপজেলার অধিকাংশ ফসলের মাঠ। বিশেষ করে আলু উত্তোলনের শেষ মুহূর্তে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এসব ফসল। অনেক জায়গায় পানি পারাপারের পথ ভরাট হয়ে যাওয়ায় নিষ্কাশন না হতে পেরে পানি উপচে আলু, গমসহ অন্যান্য ক্ষেত নষ্ট হয়ে গেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, দ্রুত পানি নেমে গেলেই ফসলের ক্ষতি হবে না।

গতকাল সরেজমিন জেলার কালাই উপজেলার আঁওড়া, হাতিয়র, তালোড়াবাইগুনি, কালিমহুর, ঝামুটপুর, বানিহারাসহ বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, পানির নিচে ফসলের ক্ষেত। উপর থেকে পানি নিচে আসছে। দীর্ঘ দিন ধরে যে দিকগুলো হয়ে পানি পারাপার হতো, সেসব পথ বন্ধ থাকায় গড়িয়ে আসা পানি বৃদ্ধি পাচ্ছে। সকালের বৃষ্টির পানিতে ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা ফসল রক্ষার্থে সকাল থেকে মাঠে শ্যালো মেশিন বসিয়ে জমে থাকা পানি সেচ দিচ্ছেন। তারা বলছেন, এমনিতেই বাজারে আলুর দাম কম, তার ওপর মাঠে পানি জমে ফসল তলিয়ে গেছে। এবার লোকসান গুনতে হবে পুরোদমে।

আঁওড়া গ্রামের লাবু মিয়া বলেন, ‘এই মাঠে দুই বিঘা আলু লাগিয়েছি। আলুগুলো তুলে শুকানোর জন্য জমিতেই ছেড়ে দিয়েছি। আজ বৃহস্পতিবার জমিতে এসব আলু বস্তা করে হিমাগারে পাঠানোর কথা ছিল; কিন্তু সকালে এমনভাবে বৃষ্টি হয়েছে, সব আলু পানিতে তলিয়ে গেছে। যতই পানি সরানো হউক না কেন, এসব আলুতে এখন পচনও ধরবে। আমরা এখন কী করব ভেবে পাচ্ছি না।’

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘পুরো উপজেলার বিভিন্ন মাঠে বৃষ্টির পানিতে ফসল তলিয়ে যাওয়া সঠিক। তবে এর পরিমাণ খুব একটা বেশি নয়, দ্রুত পানি নিষ্কাশন হলেই এসব ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।