স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে গতকাল বুধবার ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ (সুসান ভাইজ)-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

দলের অন্য সদস্যরা হলেন- ইউনেস্কো বাংলাদেশের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল।

এ সময় উভয়পক্ষের মধ্যে পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, মিডিয়া ও পুলিশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায়, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণœœ রাখা, সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ বলেন, পুলিশ ও সাংবাদিকদের প্রশিক্ষণ নিয়ে ইউনেস্কোর চলমান প্রকল্প রয়েছে। তিনি বলেন, পুলিশের প্রশিক্ষণ নিয়ে আইজিপির সাথে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি মিললে আগামী জুনের মধ্যেই তারা প্রশিক্ষণ শুরু করতে চান। মন্ত্রী এ বিষয়ে সম্মতি জানিয়ে দ্রুত প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সুসান ভাইজ জানান, জাতীয় নির্বাচনের পূর্বে এসপি ও ওসি পদমর্যাদার ৭০০ পুলিশ অফিসারকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

মন্ত্রী ইউনেস্কোর সহযোগিতায় প্রতিটি বিভাগীয় সদর দফতরে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়ার পরামর্শ প্রদান করেন। তিনি এতে পুলিশের বিভিন্ন ইউনিটের মিডিয়া শাখায় কর্মরত অফিসারদের অন্তর্ভুক্ত করা হলে প্রশিক্ষণটি ফলপ্রসূ হবে বলে অভিমত ব্যক্ত করেন। প্রশিক্ষণ কর্মসূচিটি প্রতি শনিবার অনুষ্ঠিত হলে তা অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের জন্য সুবিধাজনক হবে বলে মত প্রকাশ করেন তিনি।

সুসান ভাইজ জানান, মিডিয়ার সাংবাদিকদের জন্য অনুরূপ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে ইউনেস্কো। মন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে এর সাথে জবাবদিহির বিষয়টিও গুরুত্বপূর্ণ। তিনি পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে ইউনেস্কো প্রতিনিধিরা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন প্রমুখ উপস্থিত ছিলেন।