তা’মীরুল মিল্লাতে ১১১ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ১১১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেয়া হয়। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ।
প্রধান অতিথির বক্তব্যে মো: হাবিবুর রহমান বলেন, তা’মীরুল মিল্লাত বরাবরের মতোই মেধার স্বাক্ষর রেখে চলেছে। এ বছর রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর বৃত্তি অর্জন মাদরাসা কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টারই ফল। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দক্ষ নেতৃত্ব ও নৈতিকতাসম্পন্ন মানবসম্পদ গঠনে মাদরাসা শিক্ষাকে আরো যুগোপযোগী করতে হবে।’ তিনি শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ সা:-এর আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে ড. খলিলুর রহমান মাদানী বলেন, তা’মীরুল মিল্লাতের শিক্ষকরা কেবল পাঠদান করেন না; বরং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলাকে ‘ঈমানী দায়িত্ব’ হিসেবে পালন করেন।