নাসিকে ৩৪টির মধ্যে ৩২টি পাম্প বদলে আধুনিক পাম্প বসানো হবে : প্রশাসক

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সিটি করপোরেশনের ৩৪টি পাম্পের মধ্যে ৩২টি পাম্প বদলে আধুনিক পাম্প বসানো হবে। এই পাম্পগুলো বেশ ক্ষমতাসম্পন্ন। আমি চায়না একটি কোম্পানির সাথে দীর্ঘমেয়াদি আলোচনা করেছি।

মঙ্গলবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় কমিটির সাথে মতবিনিময় ও স্মারকলিপি গ্রহণকালে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, অন্য সিটি করপোরেশনে এই ট্যাক্স আরো বেশি। ১৫ হাজারের নিচে কোথাও নেই। আমি পাঁচ হাজার টাকা করেছি এর জন্য আমার বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হতে পারে। আমি আপনাদের ওপর বোঝা চাপিয়ে দিতে চাই না।

নাসিক প্রশাসক বলেন, আপনাদের আন্দোলনের ভিত্তিতে এই ফি প্রথমে ৭০ হাজার ও পরে ৫০ হাজার টাকা করা হয়। সেটায়ও আপনারা সন্তুষ্ট হননি তাই এখন নির্ধারিত হয়েছে ১৫ হাজার। পরবর্তীতে আমি এসে বলেছি আমাদের নারায়ণগঞ্জের সকল বিষয়ে চিন্তা করে বলেছি আপনারা লাভবান হবেন কারণ ছয় মাস পরে আপনারা যখন ভালো পানি পাবেন তখন পাঁচ হাজার টাকা দিলে হবে না। তখন ১৫ হাজার টাকায় চলে যেতে হবে।

তিনি বলেন, যারা আগে বসিয়েছেন সেটার দলিল আমাদের কাছে নেই। এখন আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে বৈধ হয়ে যাবেন। যদি এটা না মানেন তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আমার সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, এমন প্রযুক্তি আসছে যার মাধ্যমে রাস্তা না কেটে পাইপ ঢোকানো হবে। নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় পানি সরবরাহের জন্য ৩৪টি পাম্প আছে। একুশ বছর এগুলো পরিবর্তন হয়নি।