বিএমইউতে রিসার্চ গ্র্যান্টপ্রাপ্ত পিএইচডি গবেষকদের নিয়ে মতবিনিময়

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে রোববার পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত রিসার্চ গ্রান্টপ্রাপ্ত গবেষকদের গবেষণার অগ্রগতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএমইউয়ের ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম।

তিনি বলেন, পিএইচডি প্রোগ্রাম বিএমইউয়ের আলোকবর্তিকা। পিএইচডি গবেষকদের গবেষণা বিশ্ববিদ্যালয়ের র‌্যাকিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পিএইচডি গবেষকদের গবেষণা থেকে এমন কিছু পাওয়া সম্ভব যা কপি রাইট, প্যাটেন্ট রাইটের মতো বিষয় হতে পারে। যা এই বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশের নিজস্ব সম্পদ হিসেবে গণ্য হবে। পিএইচডি প্রোগ্রামের গবেষকদের গবেষণা থেকে অর্জিত ফলাফল জাতীয় নীতি নির্ধারণী পর্যায় এমনকি আন্তর্জাতিক পর্যায়েও এর প্রভাব প্রতিফলিত হতে পারে। সেক্ষেত্রে গবেষণার বিষয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে রোগীর সংখ্যা পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যার চেয়ে বেশি। তাই এসব রোগীদের ডাটাগুলোর সংরক্ষণাগার হতে পারে গবেষণার অফুরন্ত ভাণ্ডার। বিএমইউয়ের গবেষণা বাংলাদেশসহ আন্তর্জাতিকভাবে অবদান রাখবে সেটাই প্রত্যাশিত।

সভায় গবেষণাগুলোর অগ্রগতি, গবেষণার ফান্ডসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সাথে আলোচিত হয়। সভায় জানানো হয়, ইতোমধ্যে কোনো কোনো গবেষকের গবেষণা স্কপাস ইনডেক্সড জার্নাল, পাবমেড ইনডেক্সড জার্নালের মতো আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে বা প্রকাশের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। সভায় রোগী ও দেশের জন্য প্রয়োজন এমন গবেষণায় গুরুত্বারোপের সাথে সাথে গবেষণার গুণগত মান বজায় রাখা ও সংখ্যা বৃদ্ধির ওপরও সমভাবে গুরুত্ব দেয়া হয়। সভায় পূর্বে হয়েছে এমন কোনো গবেষণার বিষয় নির্বাচন না করে নতুন নতুন বিষয়ে গবেষণায় গুরুত্ব দেয়া হয়। এ ছাড়া একটি নির্দিষ্ট সময় পর পর পিএইচডি কলোকিয়াম আয়োজনের বিষয়টিও আলোচিত হয়।

গুরুত্বপূর্ণ এই মতবিনিময়ে বিএমইউয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: ইব্রাহীম সিদ্দিক, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা: সাইফ উল্লাহ মুন্সী, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: আতিয়ার রহমান, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: আতিকুল হক, পিএইচডি, ডেন্টাল অনুষদের ডিন ডা: সাখাওয়াত হোসেন সায়ন্ত, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন ডা: এম আবু হেনা চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রক্টর ডা: শেখ ফরহাদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: আব্দুস শাকুর, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: মো: সোহেল মাহমুদ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিএমইউর বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও সংশ্লিষ্ট গাইডবৃন্দ অংশগ্রহণ করে মূল্যবান মতামত প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমইউয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডা: সাইফ উদ্দিন নিসার আহমেদ। বিজ্ঞপ্তি।