অটোরিকশা নিয়ে উধাও দুর্বৃত্তরা

জীবিকার চাকা ঘুরাতে নেমে ফিরল শুভর গলাকাটা দেহ

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানার উজারপাড়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ১৬ বছর বয়সী এক কিশোর চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে সড়কের পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত কিশোর মো: শুভ (১৬) নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী এলাকার মো: আমির মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে সে পালক বাবা মোহাম্মদ আমিরুল ইসলাম ও মা বকুলা আক্তারের সাথে গাজীপুর মহানগরীর শরিফপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে অল্প বয়সেই অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে প্রতিদিনের মতো গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় শুভ। রাত গভীর হলেও সে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উজারপাড়া মহরের বাড়ি এলাকার চায়না ফ্যাক্টরির পাশের সড়কে এক কিশোরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শুভর বলে শনাক্ত করেন।

খবর পেয়ে গাছা থানার উপপরিদর্শক মো: মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা শুভকে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে লাশ রাস্তার পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওয়াহিদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ছিনতাইজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

জিএমপি দক্ষিণ বিভাগের উপকমিশনার (অপরাধ) মো: মহিউদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্তে তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অভিযান চলমান রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।