কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ
সাংবাদিকদের জন্য নতুন উদ্যোগের পরিকল্পনা করছে সরকার
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল বলেছেন, দেশে সাংবাদিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে সরকার। সাংবাদিকদের কিভাবে আরো ভালো রাখা যায়, কিভাবে আরো সম্মান দেয়া যায় সেই চিন্তাভাবনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু বর্তমানে নয় অতীতেও বিএনপি সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথমবার সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করেছিলেন ঢাকার বুকে। পরবর্তীতে মরহুমা বেগম খালেদা জিয়াও একই ধারা অব্যাহত রেখেছিলেন।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান ও সাংবাদিকদের সন্তানদের বৃত্তির চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাবের ভবনটি জিয়াউর রহমানের উদ্যোগে গড়ে ওঠে। জাতীয় প্রেস ক্লাবের প্রত্যেকটি জমি সাফ কবলা করে দিয়েছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তার উদ্যোগে সাড়ে ২২ বিঘা জমির উপর সাংবাদিকদের দ্বিতীয় আবাসন ব্যবস্থা হয়েছিল পল্লবীতে। এটি বর্তমানেও চলমান রয়েছে। সরকারকে সাংবাদিক বান্ধব উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নানা উদ্যোগ নিচ্ছে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের শুধু অনুদান নয় প্রবীণ সাংবাদিকদের পেনশনও দেয়ার চিন্তাভাবনা করছে সরকার। এ ছাড়াও অসুস্থ সাংবাদিকদের হেলথ কার্ড প্রদানের চিন্তাভাবনা চলছে। এভাবে বর্তমান সরকার সাংবাদিকদের ভালো রাখার নানা কর্মসূচি গ্রহণের কথা ভাবছে। আপনাদের সহযোগিতা পেলে বর্তমান সরকার সেই কাজগুলো করে যাবে। তিনি বলেন, আমি আশা করছি সরকার সাংবাদিকদের উন্নয়নে, সাংবাদিকদের জীবনমানের পরিধি সুন্দর করতে যেসব কাজ করা দরকার সেগুলো করবেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের কিভাবে সম্মানিত করা যায় সেই চিন্তাভাবনা করছেন। এভাবে ভবিষ্যতেও সাংবাদিকদের সন্তান ও পরিবারের কল্যাণে কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই পরিসর আরো বাড়বে।
তিনি বলেন, এই অনুদান কোনো আর্থিকভাবে অসচ্ছল সাংবাদিকদের অনুদান নয়। এটি হলো যারা লেখালেখি করেন, দেশের জন্য কাজ করেন ঝুঁকি নিয়ে তাদেরকে একটু সহায়তা করা। কেননা এই পেশায় বিত্তবান হওয়ার কোনো সুযোগ নেই।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি মুহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো: শরীফ উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সিএমইউজের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ, সোহাগ কুমার বিশ্বাস, রুবেল খান প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম ও রাঙ্গামাটির জেলার ৩৯ জন সাংবাদিককে আর্থিক অনুদান ও তাদের সন্তানদের বৃত্তি দেয়া হয়।