টেস্ট ও ফ্র্যাঞ্চাইজি টি-২০’র টানাপড়েন বাড়ছে : কামিন্স

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, টেস্ট ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি টি-২০’র মধ্যে টানাপড়েন ক্রমেই বাড়ছে। আগস্টে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজ থাকায় অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার দ্য হান্ড্রেডের নিলামে নাম লেখাননি।

দ্য হান্ড্রেডের আয়োজকেরা বড় তারকাদের আকর্ষণ করতে চাইলেও অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট খেলোয়াড়দের কেউই নিলামে অংশ নেননি। তবে সীমিত ওভারের কিছু ক্রিকেটার দল পেয়েছেন। টিম ডেভিড, মিচেল মার্শ ও অ্যাডাম জাম্পা এবারের আসরে খেলবেন।

একটি পডকাস্টে কামিন্স বলেন, ‘আমাদের কিছু খেলোয়াড় ২০ দিনের কাজের জন্য প্রায় পাঁচ লাখ পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে, শুধু বাংলাদেশের বিপক্ষে দু’টি টেস্ট ম্যাচ খেলার জন্য। বিষয়টি এখন স্পষ্ট টানাপড়েনের জায়গায় পৌঁছেছে এবং এটি বাড়ছেই।’ তিনি আরো জানান, জাতীয় দলের জন্য সেরা খেলোয়াড়দের পাওয়া নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ, কারণ বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের চাহিদা বেড়েই চলেছে। কামিন্স বর্তমানে আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক। একই কোম্পানির মালিকানাধীন দ্য হান্ড্রেডের দল ‘সানরাইজার্স লিডস’। ইংল্যান্ডে নিয়মিত সময় কাটানোর কারণে ভবিষ্যতে এই লিগে খেলার আগ্রহও প্রকাশ করেছেন কামিন্স। চোটের কারণে তিনি চলতি আইপিএলের শুরুর অংশ মিস করতে পারেন। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে ১৩ থেকে ২৬ আগস্ট, আর দ্য হান্ড্রেড টুর্নামেন্ট চলবে ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত।