খালেদা জিয়ার সাথে বিএনপি নেতা মিল্টনেরও মনোনয়নপত্র সংগ্রহ
Printed Edition
বগুড়া অফিস
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। ইতঃপূর্বে যদিও বিএনপির প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়ার নামে বগুড়া জেলা নির্বাচন অফিস, শাজাহানপুর ও গাবতলী ইউএনও অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাবতলী ইউএনও অফিস থেকে উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের পক্ষে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রভাষক আশরাফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার ও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, শনিবার মোর্শেদ মিল্টনের নামে দু’টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মোর্শেদ মিল্টন এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আমাদেরকে মনোনয়নপত্র উত্তোলন করতে বলা হয়েছে। তাই আমরা সাময়িকভাবে মনোনয়ন পত্র উত্তোলন করেছি। দলীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এতে অনেকের ধারণা, খালেদা জিয়া প্রার্থী না হলে এ আসনে মোর্শেদ মিল্টন হবেন বিএনপির প্রার্থী।