হাদি হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্থানে অবরোধ, বিক্ষোভ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। এসব বিক্ষোভে দলটির নেতাকর্মীদের পাশাপাশি শিক্ষার্থী ও নানা শ্রেণী-পেশার মানুষকে অংশ নিতে দেখা গেছে।
বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার দুপুরে রাজধানীর শাহবাগ, চট্টগ্রামের নতুনব্রিজ, রাজশাহীর তালাইমারী, সিলেটের চৌহাট্টা, খুলনার শিববাড়ি মোড়ে, বরিশালের নথুল্লাবাদে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সর্বস্তরের মানুষ।
এ ছাড়া গাজীপুরের চান্দনা চৌরাস্তায়, নারায়ণগঞ্জের সাইনবোর্ডে, কুমিল্লার পূবালী চত্বরে সড়ক অবরোধ করা হয়। এতে রাজশাহী-ঢাকা, বরিশাল-ঢাকা, ময়মনসিংহ-ঢাকা ও চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, রোববার বেলা ২টা থেকে নগরীর শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের ডাকে অবরোধ কর্মসূচি শুরু হয়। এ সময় কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রাফসান রাকিব জানিয়েছেন, শহীদ ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, ‘আজাদির লড়াইয়ে শহীদ হাদি একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কারো করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।’ অবরোধ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলে।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। রোববার বেলা আড়াইটার দিকে রাবির মেইন গেটের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি শুরু করা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালান। পরে তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। এতে বিচারহীনতার সংস্কৃতি আরো শক্তিশালী হচ্ছে বলে তারা মন্তব্য করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরো কঠোর করা হবে।
এ দিকে মহাসড়ক অবরোধের কারণে রাজশাহী-নাটোর সড়কে যান চলাচল ব্যাহত হয়। অন্য দিকে একই দাবিতে নগরীর তালাইমারী এলাকাতেও মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীরা। আন্দোলনকারীরা জানান, ইনকিলাব মঞ্চের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে অবস্থান করেন।
পাবিপ্রবি প্রতিনিধি জানান, হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা। ইনকিলাম মঞ্চ পাবিপ্রবি শাখার ঘোষণা অনুযায়ী গতকাল বেলা ২টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র ও যুবশক্তির নেতাকর্মীরা।
ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মজনু আলম বলেন, শরিফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত সারা দেশের মতো আমরাও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ রাজপথে থেকে যাব।
ছাত্রশিবির সভাপতি তুষার মাহমুদ বলেন, আমাদের অন্তর্বর্তী সরকার যিনি জুলাই যোদ্ধাদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসেছেন তিনি হয়তো তার ম্যান্ডেট ভুলে গিয়েছেন। আমরা আপনাদের স্পষ্ট করে বলে দিতে চাই আগামী ছাব্বিশ কার্যদিবসের মধ্যে যদি শরিফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার করা না হয় তাহলে আমরা কঠোর থেকেও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। জাতীয় নাগরিক পার্টি যুব শক্তির আহ্বায়ক মো: রাফিউল ইসলাম রাফি বলেন, হাদি মানে আজাদী, হাদি মানে ইনসাফ। এক হাদিকে হত্যা করে আমাদের কণ্ঠকে কখনই রোধ করা যাবে না।
গাজীপুর জেলা প্রতিনিধি জানায়, ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করেছে শত শত ছাত্র-জনতা। এতে ঢাকা-সিরাজগঞ্জ-ময়মনসিংহ মহাসড়ক বেলা ২টা থেকে কার্যত অচল হয়ে পড়ে। মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় চার ঘণ্টা ধরে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
রোববার বেলা ২টার দিকে টঙ্গী কলেজ গেটের বাসস্ট্যান্ড এলাকায় শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন সাধারণ জনতা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে যোগ দিলে একপর্যায়ে পুরো মহাসড়ক লোকে লোকারণ্য হয়ে যায়। এ সময় দীর্ঘ চার ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ছাত্র-জনতা।
রোববার বেলা ৩টার দিকে সাইনবোর্ড এলাকায় বাঁশ ও কাঠ ফেলে অবরোধ শুরু করেন তারা। এতে দেশের ব্যস্ততম মহাসড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। দেখা দিয়েছে তীব্র যানজট। হাদি হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে কয়েকজন মহাসড়কে বসেও পড়েছেন। তারা এ দাবিতে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। অবরোধে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও দেখা গেছে।
এনসিপির জেলা কমিটির সদস্য জাবেদ আলম বলেন, “হাদির ওপর হামলার বিচার সারা দেশের মানুষ চায়। সেই বিচার দ্রুত করার দাবিতেই আজ সবাই এখানে ব্লকেড কর্মসূচিতে আছি।” সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল শুরু থেকেই ঘটনাস্থলে বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে নিভৃত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন।
পৌনে ৪টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সাইনবোর্ডে আসেন। তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন, বিচারের আশ্বাস দিলে দেড় ঘণ্টা পর মহাসড়কে অবরোধ তুলে নেন ছাত্র-জনতা।
খুলনা ব্যুরো জানিয়েছে, শিববাড়ি মোড়ে ইনকিলাব মঞ্চের আহ্বানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভকারীরা শিববাড়ি মোড়ের পশ্চিম দিকের সড়ক অবরোধ করে সেখানে বসে পড়েন। অবস্থান কর্মসূচিতে নারী ও শিশুদেরও অংশ নিতে দেখা গেছে। বিক্ষোভে অংশ নেয়া একজন বলেন, ‘শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ন্যায়বিচারের দাবিতে রাজপথ ছাড়ব না।’
বরিশাল ব্যুরোর পাঠানো খবর অনুসারে, বরিশালে রোববার বেলা সোয়া ৩টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবরোধ শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা জানান, হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ পালন করছেন।
অবরোধের ফলে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একইসাথে বরিশাল থেকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর এবং অন্যান্য জেলার সাথে সংযোগকারী অন্তত ৩২টি রুটে শত শত যানবাহন আটকা পড়ে।
সিলেট ব্যুরো জানান, সিলেটে বেলা ৩টার দিকে নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টায় অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে শহরের ভেতরে যান চলাচল স্থবির হয়ে পড়ে।
কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, হাদি হত্যার বিচারের দাবিতে রোববার বিকেলে কুমিল্লা শহরের পূবালী চত্বরে বিক্ষোভ শুরু করে ইনকিলাব মঞ্চ, এনসিপি ও এবি পার্টির নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে কুমিল্লা মহানগর এনসিপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাশিদুল হাসান বলেন, ‘হাদি হত্যার বিচার না হলে অচিরেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করব।’