রাসূলের দেখানো পথে আমরা দেশ পরিচালনা করব : মির্জা ফখরুল

Printed Edition
back-1
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : নয়া দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু মুসলমানসহ সব ধর্মের লোকদের নিয়ে সৌহার্দ্যরে বাংলাদেশ গড়ব। আমরা কোনো হিন্দু ভাইদের ক্ষতি হতে দেবো না। কোনো নিরপরাধ আওয়ামী লীগ কর্মীকে হয়রানির শিকার হতে দেবো না। তাই আমাকে হিন্দু ও আওয়ামী লীগের দালাল বলে। যে যাই বলুক, আমি বলব ধর্ম যার যার রাষ্ট্র সবার। গতকাল শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিপাড়া ইউনুসের মিলচাতালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন ।

জামায়াতে ইসলামীর প্রতি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তারা জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইছে। তারা ধর্মকে পুঁজি করে তাদের স্বার্থ হাসিল করার পাঁয়তারা করছে। ইসলাম কি তাদের একার নাকি? শুনেছি বিভিন্ন জায়গায় তারা ভোটারদের বিকাশ নম্বরসহ বিভিন্ন মাধ্যমে টাকা-পয়সা দিয়ে ভোট কিনতে চাইছে। জামায়াতে ইসলাম মুখে অনেক কথাই বলছে, কিন্তু বাস্তবতার সাথে তাদের সেসব কথার কোনো মিল নেই। বিএনপি ক্ষমতায় গেলে রাসূল সা:-এর দেখানো পথে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবে।

মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশের উন্নয়নে অনেকগুলো পরিকল্পনা নিয়েছেন। আমাদের কৃষকরা সব সময় অবহেলিত। যেসব কৃষকের ১০ হাজার টাকার কৃষি ঋণ রয়েছে তাদের সেসব ঋণ আমরা সুদসহ মওকুফ করব। আমাদের গ্রামীণ মা-বোনেরা অনেক কষ্ট করে পরিবার পরিচালনা করে। আমাদের যেসব মা-বোনেদের এনজিও ঋণ রয়েছে, আমরা সেসব ঋণও মওকুফ করে দেবো।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, আল্লাহ কোনো সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তারা তাদের সীমা অতিক্রম করে ফেলেছিল। শেখ হাসিনা বলেছিল তারা দেশ ছেড়ে পালায় না। অথচ শেখ হাসিনাকেই দেশ ছেড়ে পালাতে হয়েছে।

এটাই তার শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বহুদিন থেকে আপনাদের সাথে নির্বাচন করেছি, কখনো জিতেছি কখনো হেরেছি, আপনাদের ছেড়ে যাইনি কারো কোনো কাজ করে দিয়ে একটা টাকাও নেইনি, এক কাপ চাও খাইনি, বাবার জমি বিক্রি করে রাজনীতি করেছি, তাই শেষবারের মতো আমাকে সমর্থন দিয়ে পাশে থাকবেন আর ধানের শীষে ভোট দেবেন।

নির্বাচনী পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।