কর্ণফুলীতে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

Printed Edition

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। গত রোববার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ এপ্রিল বিকেলে কোস্টগার্ড পতেঙ্গা আউটপোস্ট, নৌবাহিনী ও মৎস্য অধিদফতর কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ‘সি হার্ট ফ্যাক্টরি’তে যৌথ অভিযান চালায়। এ সময় ওই কারখানা থেকে ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জালের বাজারমূল্য আনুমানিক ৩১২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে অবৈধ এই জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের সামুদ্রিক সম্পদ রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না।