ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদ
ইউরোভিশন বর্জনের ডাক সহস্রাধিক শিল্পীর
Printed Edition
আনাদোলু
ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদ জানিয়ে সহস্রাধিক সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মী মঙ্গলবার ইউরোভিশন গান প্রতিযোগিতা বর্জনের আহ্বান জানিয়ে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। ‘নো মিউজিক ফর জেনোসাইড’ নামক একটি সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।
চিঠিতে শিল্পী সম্প্রচারক কলাকুশলী এবং ভক্তদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন বা ইবিইউ ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘কান’ কে প্রতিযোগিতা থেকে বাদ না দেয়া পর্যন্ত তারা এই আয়োজনকে সমর্থন না করেন। এই সংগঠনটি এর আগে ইসরাইলের স্ট্রিমিং সার্ভিসগুলোতে শিল্পীদের গান বন্ধ করার ক্ষেত্রেও সফল হয়েছিল। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ব্রায়ান এনো ম্যাসিভ অ্যাটাক নি-ক্যাপ এবং রজার ওয়াটার্সের মতো বিশ্বখ্যাত তারকারা রয়েছেন। এ ছাড়া ইউরোভিশনের সাবেক বিজয়ী এমেলি ডি ফরেস্ট এবং চার্লি ম্যাকগেটিগানও এই প্রতিবাদে সংহতি জানিয়েছেন।
আয়োজকদের সমালোচনা করে চিঠিতে বলা হয়েছে যে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে বহিষ্কার করা হলেও ইসরাইলকে প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া ইবিইউর দ্বিচারিতার বহিঃপ্রকাশ। শিল্পীদের মতে এটি ইবিইউ-র তথাকথিত নিরপেক্ষতার নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে।