হামের প্রকোপ মমেকে আরো ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২০

Printed Edition

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭২ শিশু।

গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: গোলাম মাওলা। তিনি জানান, গত ২ এপ্রিল ময়মনসিংহ সদর থেকে তিন বছর বয়সী এক শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি আগে থেকেই সেরিব্রাল পালসি, মৃগী এবং গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে সমস্যায় ভুগছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ১০ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬২ শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ছাড়পত্র পেয়েছে আরো ২৩ জন। এ দিকে, মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ডে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে রোগীর চাপ ক্রমাগত বাড়ছে।

তিনি বলেন, এক শিশুর মাধ্যমে অন্য শিশুর মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। হাম পরিস্থিতি মোকাবেলায় তিনটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।