সরকার দলীয় এমপিদের সমর্থন

সংসদের সাউন্ড সিস্টেম ও হেডফোন নিয়ে ক্ষোভ শাহজাহান চৌধুরী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম ও হেডফোন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত দলীয় এমপি শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, আমাদের হাউজে সাউন্ড সিস্টেম এত বড় বোঝা, মাথার ওপর দিয়ে সংসদে এক ঘণ্টা দুই ঘণ্টা বসা সবার জন্য কষ্টকর।

গতকাল জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বিরোধীদলীয় এই এমপি সাউন্ড সিস্টেম নিয়ে বক্তব্য দেয়ার সময় সরকারদলীয় অনেক সদস্যকেও টেবিল চাপড়িয়ে সমর্থন দিতে দেখা যায়।

শাহজাহান চৌধুরী হেডফোন দেখিয়ে বলেন, এখন এত বড় বোঝা মনে হয় এটা। একটা বাজেট করেছিল, আর সেখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থাটা করেছেন। আমরা এর আগে আরো দুবার সংসদে এসেছি, কিন্তু এত বড় একটা (হেডফোন দেখিয়ে) বোঝা মাথার ওপর দিয়ে এক-দুই ঘণ্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এটা ছাড়া যাতে একটা সাউন্ড সিস্টেম হয়। ১৯৯১ সালের এটা ছাড়াই সংসদ চালিয়েছি। ২০০১ সালে চারদলীয় সরকারের সময়ও হয়েছে।