ঈদে আসছে সারিকার ‘প্রাইভেট তুমি কার’

Printed Edition
bino-5
ঈদে আসছে সারিকার ‘প্রাইভেট তুমি কার’

বিনোদন প্রতিবেদক

আগামী ঈদে বাংলাভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘প্রাইভেট তুমি কার’। অনেক দিন পর নতুন কোনো নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। নাটকটিতে তার বিপরীতে আছেন নন্দিত জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকটির গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সারিকা। বলা যায়, দীর্ঘদিন পর মোশাররফ করিমের সাথে নতুন কোনো নাটকে অভিনয় করেছেন সারিকা। নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন। নির্মাণ করেছেন মোশাররফ করিমের ছোটভাই নির্মাতা শামস করিম। নাটকে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, জাভেদ গাজী, নূর ই কাঞ্চন, হাসান জ্যোতি, মিনহাজ মোহন প্রমুখ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, ‘নাটকের গল্পটা বেশ ইন্টারেস্টিং। মূল গল্পটা বলতে চাই না। তবে অনেক দিন পর মোশাররফ করিম ভাইয়ের সাথে নাটকে কাজ করে ভীষণ ভালো লাগল। মোশাররফ ভাই সবসময়ই ভীষণ সহযোগিতাপরায়ণ। তার সাথে আগে করা কাজগুলোর জন্য এখনো অনেক সাড়া পাই। এই নাটকে কাজ করে আমি খুব উপভোগ করেছি গল্পটা, আশা করছি দর্শকেরও ভীষণ ভালো লাগবে।’ সারিকা-মোশাররফ করিম অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো- ‘যদি থাকে নসিবে’, ‘বাঘ যখন বিলাই’, ‘দখলবাজ’, ‘হোয়াট ইজ লাভ’, ‘অ্যাম্বুলেন্স’সহ আরো বেশ কিছু নাটক।