মনজুর আলমের সাথে সাক্ষাৎ

চট্টগ্রামে যুবদল-ছাত্রদলের ক্ষোভের মুখে পড়লেন হাসনাত আবদুল্লাহ

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদল কর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে নগরের উত্তর কাট্টলী এলাকার ‘এইচ এম ভিলা’য় এই ঘটনা ঘটে। এর আগে হাসনাত আবদুল্লাহর আসার খবর ছড়িয়ে পড়লে তারা ওই বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ফলে হাসনাত আবদুল্লাহকে দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হয়।

বাসার সামনে অবস্থান নেয়া ব্যক্তিরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে হাসনাত আবদুল্লাহর উপস্থিতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরে জানতে চাচ্ছেন যিনি সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান, তিনি কেন সেই দলের এক ‘নেতার’ বাসায় এসেছেন। তারা হাসনাত আবদুল্লাহকে আওয়ামী লীগের ‘দালাল’ বলে স্লোগান দেন এবং তার অবস্থানের রাজনৈতিক ব্যাখ্যা দাবি করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে থাকা অন্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা এবং হাসনাত আবদুল্লাহকে গাড়িতে তুলে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহসভাপতি সাহেদ আকবর, নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মেজবাহউল নোমান, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কায়েস, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হক বাপ্পি, যুগ্ম আহ্বায়ক মহারম আলী, আকবরশাহ থানা ছাত্রদলের সভাপতি ফাহিম উদ্দিন, ইসলামিয়া কলেজ ছাত্রদলের ইমনসহ আরো অনেকে।