চবিতে মতবিনিময়

শাটল ট্রেনের ভোগান্তি নিরসন ও বগি বাড়ানোর দাবি

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেনের মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ ও বগি বৃদ্ধির লক্ষ্যে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভিসি দফতরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন চবি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্- ফোরকান। সভায় ভিসি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী শাটল ট্রেনে যাতায়াত করেন। তাদের যাতায়াত সহজ, আরামদায়ক ও নিরাপদ করা আমাদের অগ্রাধিকার। বিদ্যমান বগি ও ইঞ্জিন সঙ্কট কাটিয়ে উঠতে এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রেলওয়ে কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ চাকসুর প্রতিনিধিবৃন্দ সভায় শাটল ট্রেনের সংখ্যা বাড়ানো, ডাবল লাইন স্থাপন, রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, বহিরাগত নিয়ন্ত্রণ, পাথর নিক্ষেপ ও শিডিউল বিপর্যয় রোধসহ স্টেশনের উন্নয়নের দাবি জানান। জবাবে রেলওয়ের (পূর্ব) জেনারেল ম্যানেজার মো: সুবক্তগীন শিগগিরই কোচ ও ইঞ্জিনের সংখ্যা বৃদ্ধিসহ কিছু স্বল্পমেয়াদি কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন। তবে ডাবল লাইনের মতো কিছু বিষয় সময়সাপেক্ষ বলে তিনি উল্লেখ করেন। সভায় চবি প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব এবং রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিশেষে ভিসি ও রেলওয়ে প্রতিনিধিরা একে অপরকে ধন্যবাদ জানিয়ে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন। বিজ্ঞপ্তি।