দীর্ঘদিনের বিতর্ক, অবৈধ নির্মাণের অভিযোগ এবং একাধিক অপসারণ নির্দেশের পর অবশেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর বুকে গড়ে ওঠা ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে রেস্তোরাঁটির মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং প্রতিষ্ঠানটির সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চর মাছুয়া বেড়িবাঁধ সংলগ্ন ধনাগোদা নদীর ওপর নির্মিত রিসোর্টটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, রেস্তোরাঁটির কোনো হোটেল ও রেস্তোরাঁ লাইসেন্স নেই। এছাড়া খরস্রোতা ধনাগোদা নদীর ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। এসব অভিযোগে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর সংশ্লিষ্ট ধারায় রেস্তোরাঁ মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে রেস্তোরাঁটির সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ। তিনি বলেন, লাইসেন্স ছাড়া পরিচালিত হওয়ায় এবং নদীর ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে জননিরাপত্তা বিঘ্নিত করায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী জরিমানা করা হয়েছে। একইসাথে রেস্তোরাঁটির সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময় মতলব উত্তর থানার এসআই শাহাদাত হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।
উল্লেখ্য, ২০২৫ সালে ধনাগোদা নদীর ওপর প্রায় ২০০টি ড্রামের ভিত্তিতে নির্মিত এই ভাসমান রিসোর্টটি শুরু থেকেই বিতর্কের জন্ম দেয়। অনুমোদন ছাড়া নদীর ওপর স্থাপনা নির্মাণ, নদী দখল এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পূর্বে এটি অপসারণের নির্দেশ দিয়েছিল। পরে জোয়ারের তীব্র স্রোতে রিসোর্টটির একটি অংশ ভেসে যাওয়ার ঘটনাও ঘটে, যা জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করে।