রাজপথে দাবির স্লোগানে পালিত শ্রমিক দিবস
শ্রমিকের হকের লড়াইয়ে একাট্টা সরকার ও বিরোধী দল
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
নিজেদের অধিকার আদায়ের প্রত্যয়ে রাজপথে দিনব্যাপী নানা কর্মসূচি ও মিছিল-স্লোগানের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। গত শুক্রবার রাজধানীজুড়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে শ্রমিকের ন্যায্যমজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সব ধরনের বৈষম্য নিরসনের দাবি জানানো হয়। দিবসটি উপলক্ষে জাতীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে এবং টেলিভিশন ও বেতারে প্রচারিত হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা।
দিবসটি উপলক্ষে সরকারি ও বিরোধী দল পৃথক কর্মসূচি পালন করেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল সমাবেশ করে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অন্য দিকে, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বড় ধরনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা: শফিকুর রহমান শ্রমিকের মর্যাদা ও ন্যায্যতা প্রতিষ্ঠায় সংসদের ভেতরে-বাইরে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আলোচনা সভার আয়োজন করে। বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম। বক্তারা সংবাদকর্মীদের অধিকার রক্ষা ও পেশাগত নিরাপত্তার ওপর জোর দেন।
এ দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘সিটিজেনস অ্যাগেইনস্ট করাপশনে’র উদ্যোগে আয়োজিত সভায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংগঠনের চেয়ারম্যান ইউসুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএসি-এর উপদেষ্টা, ব্যবসায়ী গবেষক ড. মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন।
রাজপথে দাবির মিছিল
সকাল ৯টা থেকেই রাজধানীর তোপখানা রোড ও প্রেস ক্লাবের সামনে হাজারো শ্রমজীবী মানুষ জড়ো হতে থাকেন। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন হত্যাকাণ্ডের বিচার, ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ এবং ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আগামী বাজেটে শুল্ক না বাড়ানো, মজুরি বৃদ্ধি এবং নকল বিড়ি বন্ধসহ ৫ দফা দাবি জানায়। অন্য দিকে, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) জাতীয় স্বার্থবিরোধী বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি বাতিল এবং সমুদ্র ও বিমানবন্দর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখার দাবি তোলে। ঢাকা জেলা ট্যাক্সি ও অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন সড়ক পরিবহন শ্রমিকদের জন্য ন্যূনতম ৩৫ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানায়।
দিবসটি উপলক্ষে কর্মজীবী নারী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, জাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, হকার্স ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদসহ আরো অসংখ্য সংগঠন পৃথক র্যালি ও সমাবেশের মাধ্যমে দিনটি উদযাপন করে। প্রতিটি সংগঠনের কণ্ঠেই ছিল শ্রমিকের মর্যাদা রক্ষা ও শোষণমুক্ত সমাজ গড়ার অভিন্ন সুর।
চট্টগ্রাম ব্যুরো জানান, শ্রমিকদের ন্যায্যমজুরি ও জীবনমান নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। তিনি বলেন, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ন্যায্য দাবি পূরণ না হলে মে দিবসের প্রকৃত তাৎপর্য বিলীন হয়ে যাবে। শিকাগো শহরে শ্রমিকরা তাদের রক্তের বিনিময়ে যে আন্দোলনের সূচনা করেছিলেন, সেই চেতনা আজো আমাদের সামনে প্রাসঙ্গিক। কিন্তু দুঃখজনকভাবে এখনো আমরা সব শ্রমিকের ন্যায্য দাবি পূরণ করতে পারিনি।
তিনি শুক্রবার দুপুরে নগরীর টাইগার পাস মোড়ে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু ফয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার ফয়সাল দস্তগীর চৌধুরী, রাজনীতিবিদ তোফাজ্জল হোসেন, সাজেদুল ইসলাম চৌধুরী, এস এম সামশুল হক। বক্তব্য রাখেন মে দিবস উদযাপন কমিটির আহবায়ক শামসুল ইসলাম আরজু, সদস্যসচিব মো: সোলাইমান সুমন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম ফিরোজী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
কুমিল্লা প্রতিনিধি জানান, বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এ জন্য গোটা রাষ্ট্রে আল্লাহর দ্বীনকে বিজয়ী না করতে পারলে ইসলামী শ্রমনীতির সংগ্রাম সফল হবে না।
শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যাপক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো: মজিবুর রহমান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সহসভাপতি মাস্টার ছফি উল্লাহ, সহসেক্রেটারি মাইন উদ্দিন সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান।
সমাবেশে কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নানা পেশার শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বরিশাল সদর রোডে শ্রমিক দলের সমাবেশ
বরিশাল ব্যুরো জানিয়েছে, মহান মে দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর সদর রোডস্থ বিএনপি কার্যালয় চত্বরে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার। মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সমাবেশ শেষে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ ছাড়া বরিশাল জেলা প্রশাসন, শ্রম অধিদফতর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকেও পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
খুলনায় আলোচনা সভা ও আর্থিক সহায়তা বিতরণ
খুলনা ব্যুরো জানায়, যথাযোগ্য মর্যাদায় খুলনায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দফতর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দফতরের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের নেতৃত্বে এক শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিন আলোচনা সভা শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে খুলনার বিভিন্ন থানার ১৪০ জন শ্রমিকের মাঝে মোট ৪১ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ ছাড়া খুলনা জেলা ও মহানগর শ্রমিক দল এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নও পৃথকভাবে দিবসটি পালন করেছে।
টঙ্গীতে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে র্যালি
গাজীপুর মহানগর প্রতিনিধির পাঠানো তথ্য অনুসারে, শ্রমিকের অধিকার ও পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবিতে শিল্পনগরী টঙ্গীতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তন (আইআরআই), কলকারখানা পরিদর্শন অধিদফতর এবং জেলা প্রশাসন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
গাজীপুরে বৈষম্যহীন সমাজ গড়ার দাবি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশনের মহানগর সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সমাবেশে বক্তারা দেশের বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের ন্যায্য মূল্যায়ন না হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং শ্রমিকের মৌলিক চাহিদা পূরণ ও একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জোর দাবি জানান। সমাবেশে মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনসহ অন্যান্য নেতা বক্তব্য রাখেন।
বিড়ি শ্রমিকদের ৫ দফা দাবি
এ দিকে শ্রমিকের ঘামেই দেশের উন্নয়নের অর্থনৈতিক ভিত গড়ে ওঠে- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহান মে দিবস পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের সহসভাপতি মো: নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হারিক হোসেনের নেতৃত্বে আয়োজিত এই সমাবেশে বিড়ি শ্রমিকরা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাদের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে- আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়িতে শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শ্রমিকদের মজুরি বাড়ানো, বিড়ি ও সিগারেটের অগ্রিম আয়করের বৈষম্য দূর করা এবং শ্রমিকদের জন্য রেশন সুবিধা চালু করা। বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে টিকিয়ে রাখতে এবং নকল বিড়ি উৎপাদন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে তারা সরকারের কাছে আবেদন জানান।