গাজীপুরে গাছা খাল পুনঃখনন শুরু জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ
Printed Edition
মোহাম্মদ আলী ঝিলন গাজীপুর
গাজীপুর মহানগরের পরিবেশ সুরক্ষা ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ গাছা খালের পুনঃখনন ও উন্নয়নকাজ শুরু হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত একটি প্রকল্পের আওতায় এ কার্যক্রম শুরু হয়।
‘জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলায় গাজীপুর সিটি করপোরেশন এলাকায় গাছা খালের উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণমূলক কাজ’ শীর্ষক প্রকল্পের আওতায় গত মঙ্গলবার মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ডের নিমতলী রেলগেট এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখননকাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো: ওয়ালি-উল-হক, পানিসম্পদ পরিচালনা সংস্থার পরিচালক মো: লুৎফুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: মহিউদ্দিন আহমেদ এবং গাজীপুরের পুলিশ সুপার মো: শরিফ উদ্দীনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নগরাঞ্চলে জলাবদ্ধতা, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক জলপ্রবাহ ব্যাহত হওয়ার মতো সমস্যা বাড়ছে। এসব সমস্যা মোকাবেলায় খাল ও জলাশয় পুনরুদ্ধার এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। তারা আরো বলেন, গাছা খালের পুনঃখনন শেষ হলে পানিপ্রবাহ স্বাভাবিক হবে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং আশপাশের পরিবেশের উন্নয়ন ঘটবে। একই সাথে খালের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যা নগরবাসীর জন্য টেকসই ও জনবান্ধব পরিবেশ গঠনে সহায়ক হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা, প্রকৌশলী ও বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।