খাগড়াছড়ির ঝুঁকিপুর্ণ কেন্দ্রে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দেয়ার দাবি
Printed Edition
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি আসনে রেড মার্ককৃত অধিক ঝুঁকিপুর্ণ কেন্দ্রেগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ভোটের তিন দিন পূর্বে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে কেন্দ্রের আঙ্গিনায় ও বাইরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের ৬ দফা দাবি জানিয়েছে বিএনপিসহ প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
খাগড়াছড়ি আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১১ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, গণপরিষদের দীনময় রোয়াজা ও ইসসানিয়াত বিপ্লব বাংলাদেশের নুর ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, খাগড়াছড়ি ২০৩টি ভোট কেন্দ্রের মধ্যে বর্তমানে ১২১টি ঝুঁকিপুর্ণ, ৬৮টি রেড মার্ককৃত অধিক ঝুঁকিপুর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিছু সশস্ত্র সংগঠন তাদের পছন্দের প্রার্থীর অনুকূলে ভোট দেয়ার জন্য ভয়ভীতি প্রর্দশন, হুমকি এবং প্রচারণায় যেতে বাধা দিচ্ছে। ২০১৮ ও ২০২৪ সালে এ সশস্ত্র সংগঠনগুলো আ’লীগের আজ্ঞাবহ হয়ে ডামি নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করেছিলো।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন নিশ্চিত করার পাশাপাশি ভোটের অন্তত তিন দিন পূর্ব হতে দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে কেন্দ্রের আঙিনায় ও বাহিরে অবস্থান করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, দুর্গম এলাকায় নিয়মিত মোবাইল টহল বৃদ্ধি করা, কেন্দ্রভিত্তিক নি-িদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা, হেডম্যান কার্বারী ও জনপ্রতিনিধিদের নিয়ে আস্থাশীল পরিবেশ তৈরী, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ ও নজরদারি বৃদ্ধি এবং তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ।