জুলাই থেকে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পাবে ১ লাখ শিক্ষার্থী
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের জুলাই মাস থেকে দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশীয় পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। প্রথম দিকে প্রতি উপজেলায় বাছাই স্কুলের এক লাখ শিক্ষার্থীকে দেয়া হবে এই সামগ্রী। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, পাইলট আকারে কার্যক্রমটি প্রথম শ্রেণী থেকে শুরু হচ্ছে এবং প্রতি উপজেলায় দু’টি করে স্কুলে দেয়া হবে। স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। প্রথম মাসে অন্তত এক লাখ শিক্ষার্থীর মধ্যে ব্যাগ ও পোশাক পৌঁছে দেয়ার লক্ষ্য রয়েছে। তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে প্রান্তিক এলাকা পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে।
এ দিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রতিটি উপজেলায় দু’টি করে স্কুলে এই ব্যাগ ও পোশাক দেয়া হবে। সব প্রাথমিক স্কুলে একই রকম পোশাক হবে। তবে ছেলে এবং মেয়েদের পোশাক ও ব্যাগ আলাদা হবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীতের পরিকল্পনা ব্যক্ত করা হয়েছে।