মুক্তাগাছায় অটোরিকশা চালককে ছুরিকাঘাত হাসপাতালে মৃত্যু

Printed Edition

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের মুক্তাগাছায় মানিক মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী বাজারের পূর্ব পাশে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক ভ্যানচালক রাস্তা দিয়ে যাওয়ার সময় মানিক মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলে তার হাত-পা বাঁধা ছিল এবং বুকে, পেটে ও হাতে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত মানিক মিয়া ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বাসনা গ্রামের হজরত আলীর ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। পরিবারের সদস্যরা জানান, তিনি বাড়ি ফেরার পথে এ ঘটনার শিকার হন। তবে কেন তাকে ছুরিকাঘাত ও হত্যা করা হয়েছে তা নিশ্চিত হতে পারেননি তারা।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো: লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি, হত্যার কারণ উদঘাটন ও আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছে।