হকিতে কোটি টাকার স্পন্সর ইপিলিয়ন সেইলর

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ইপিলিয়ন গ্রুপ ও সেইলর আসন্ন অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ নারী ও পুরুষ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। টুর্নামেন্টটি ২৯ মে থেকে ৬ জুন জাপানে অনুষ্ঠিত হবে। ইপিলিয়ন গ্রুপ ও সেইলর মোট এক কোটি টাকা আর্থিকসহায়তা প্রদান করবে। এই সহায়তার আওতায় থাকবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয়, আবাসন, খাবার, টিম কিট, ইউনিফর্ম, সরঞ্জাম, প্রশিক্ষণ প্রস্তুতি এবং টুর্নামেন্ট-সম্পর্কিত অন্যান্য ব্যয়। এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে), ইপিলিয়ন গ্রুপ ও সেইলর দেশের যুব হকির সম্ভাবনাকে আরো এগিয়ে নিতে এবং তরুণ খেলোয়াড়দের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে একসাথে কাজ করবে।

বাংলাদেশ নারী হকি দল ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে। শীর্ষ ছয় দলের মধ্যে থাকায় আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসে প্রথমবার বাংলাদেশ নারী হকি দলের অংশগ্রহণও নিশ্চিত হয়েছে। বাংলাদেশ নারী ও পুরুষ দল জাপানে অ-১৮ এশিয়া কাপে অংশগ্রহণ নিবে। ২৬ মে উভয় দল জাপানের উদ্দেশ্যে রওনা হবে। নারী হকি দলের এমন সাফল্যের পর হকিতে এসেছে কোটি টাকার পৃষ্ঠপোষকতা। এর আগেও অবশ্য হকিতে দুবার করে এক কোটি টাকা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একবার বিদেশী কোচের জন্য আরেকবার প্রিমিয়ারের ক্লাবগুলোকে দেয়ার জন্য।

এক কোটি টাকাকে খরচের ৪৫ ভাগ উল্লেখ করে বাহফে সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন বলেন, ‘আমরা অনেক খুশি এ অর্থ পেয়ে। যা আমাদের ব্যায়ের ৪৫ ভাগ পূরণ হবে। বাকি টাকা ইনশাআল্লাহ ম্যানেজ হয়ে যাবে। এখন পর্যন্ত যখন কোনো কিছু আটকায়নি, এখনো আটকাবে না।’

স্পন্সরশিপের অংশ হিসেবে ম্যাচ জার্সি, প্র্যাকটিস জার্সি, ট্রাউজার, ট্র্যাভেল পোলো ও টি-শার্টের সামনে সেইলর ও ইপিলিয়ন গ্রুপের লোগো প্রদর্শিত হবে। পাশাপাশি ব্যানার, ব্যাকড্রপ, প্রচারণা সামগ্রী, প্রেস রিলিজ, সোশ্যাল মিডিয়া এবং অফিসিয়াল যোগাযোগ মাধ্যমেও এই অংশীদারিত্বের ব্র্যান্ডিং থাকবে।

সেইলরের চিফ এক্সিকিউটিভ অফিসার মো: রেজাউল কবির বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ হকি দল আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, এই যাত্রায় তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইপিলিয়ন গ্রুপ ও সেইলর সবসময় সম্ভাবনাময় তরুণদের উৎসাহিত করতে বিশ্বাস করে।’

ইপিলিয়ন গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাদেকুজ্জামান খান বলেন, ‘আমরা হকি ফেডারেশনকে এই টুর্নামেন্টের জন্য এক কোটি টাকার স্পন্সর করছি। ইপিলিয়ন গ্রুপ খেলাধূলার উন্নয়নে কাজ করে। ইতঃপূর্বে আমরা ফুটবল, ক্রিকেট ও কাবাডিতে পৃষ্ঠপোষকতা করেছি- এবার হকিতে সম্পৃক্ত হয়েছি।’

বাংলাদেশ নারী হকিতে পৃষ্ঠপোষকতা করেছে ব্র্যাক ব্যাংক। তারাও হকির উন্নয়ন পার্টনার। তাই ইপিলিয়ন গ্রুপকে পুরুষ হকির সঙ্গী হওয়ার আহ্বান বাহফে সাধারণ সম্পাদকের, ‘ব্র্যাক ব্যাংক নারী হকি নিয়ে কাজ করছে। ডুপ্লিকেশনের সুযোগ নেই, তাই আমরা অনুরোধ করব ইপিলিয়ন গ্রুপকে পুরুষ হকির উন্নয়নে সহযোগী হওয়ার।’