চসিকের স্বাধীনতা বইমেলা শুরু আজ
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ১৯ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা-২০২৬। আজ মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়াম মাঠে এ মেলার উদ্বোধন হবে, যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। গতকাল সোমবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে বইমেলা মঞ্চে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, বীর চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এ বইমেলার আয়োজন করা হয়েছে।
মেয়র জানান, মেলায় মোট ৪০ হাজার বর্গফুট জায়গাজুড়ে ১২৯টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ৩৫টি ডাবল স্টল এবং ৯৪টি সিঙ্গেল স্টল রয়েছে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ১১২টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। তিনি বলেন, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় লেখক পাঠকের ব্যাপক সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মেলায় থাকছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজন। এর মধ্যে রয়েছে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, শিশু ও যুব উৎসব, মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান, কবিতা ও ছড়া উৎসব, আলোচনা সভা, লোকজ ও নৃগোষ্ঠী সংস্কৃতিবিষয়ক আয়োজনসহ নানা অনুষ্ঠান। প্রতিদিনের আলোচনা সভায় দেশের বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাবিদরা অংশ নেবেন।