বিশেষজ্ঞ মত
রোগ শনাক্তকরণ সহজ হলে কিডনি চিকিৎসার ব্যয়ভার কমবে
Printed Edition
‘সুস্থ কিডনি সবার তরে, মানুষের যতেœ বাঁচাও ধরণীরে’- এই প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) প্রাঙ্গণে বিশ্ব কিডনি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়।
র্যালির উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম। পরে শহীদ ডা: মিল্টন হলে আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে প্রায় তিন কোটি ৮২ লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর ৩০ থেকে ৪০ হাজার রোগীর কিডনি বিকল হচ্ছে, যাদের ৮০ শতাংশই চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। ২০৪০ সাল নাগাদ এই রোগ মৃত্যুর পঞ্চম প্রধান কারণ হয়ে দাঁড়ানোর আশঙ্কা রয়েছে।
বক্তারা আরো বলেন, কিডনি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হলেও রোগ নির্ণয় প্রক্রিয়া সহজ ও সাশ্রয়ী। ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রাথমিক পরীক্ষা ও স্ক্রিনিং ব্যবস্থা পৌঁছে দিলে এই নীরব ঘাতককে দ্রুত শনাক্ত করা সম্ভব। মরণোত্তর কিডনি প্রতিস্থাপনে গণসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে রেনাল অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা: মো: ফরহাদ হাসান চৌধুরীসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দিবসটি ঘিরে এর আগে ১১ মার্চ জাতীয় কিডনি ইনস্টিটিউটে আলোচনা সভা এবং ৮ মার্চ ভ্রাম্যমাণ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছিল। বিজ্ঞপ্তি।