আবারো চট্টগ্রাম বন্দর অচল কর্মসূচিতে বিএনপিপন্থী শ্রমিকরা
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেয়ার সুস্পষ্ট ঘোষণাসহ চার দফা দাবিতে আবারো চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্ট কালের ধর্মঘট তথা বন্দর অচলের কর্মসূচি দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নামে বিএনপির শ্রমিকদল। আজ রোববার সকাল ৮টা থেকে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন শ্রমিকদল নেতা মো: ইব্রাহীম খোকন।
বাকি তিন দাবির মধ্যে রয়েছে- চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার, বিগত আন্দোলনে যেসব কর্মচারীর বিরুদ্ধে বদলি, চার্জশিট, সাময়িক বরখাস্ত, পদাবনতিসহ নানাবিধ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তা বাতিল করে নিজ নিজ পদে পুনর্বহাল করা। আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনোরূপ মামলাসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় পরিষদের সমন্বয়ক ও শ্রমিকদল নেতা মো: হুমায়ুন কবীর, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো: হারুণ, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, কার্যকরী সভাপতি আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।
মো: হুমায়ুন কবীর জানিয়েছেন, এবারের ধর্মঘটে জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙ্গরেও অপারেশনাল কাজ বন্ধ থাকবে।
প্রসঙ্গত: এনসিটি বিদেশী প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গত শনিবার থেকে সোমবার ৮ ঘণ্টা করে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা কর্মবিরতি পালন করেছে সংগঠনটি। বৃহস্পতিবার নৌপরিহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে এলে আলোচনার পর শ্রমিকদল নেতারা দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছিলেন।