যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রুশ হামলা
Printed Edition
ইস্টার উপলক্ষে রাশিয়ার রাষ্ট্রপতি ভøাদিমির পুতিনের ঘোষিত ৩০ ঘণ্টার ‘অস্ত্রবিরতি’ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই বেশ কয়েকটি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলার খবর দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। সোমবার ভোরে ইউক্রেনের মাইকোলাইভ শহর বিস্ফোরণে কেঁপে ওঠে। কিয়েভ ও দেশটির পূর্বাঞ্চলেও বিমান হামলার সতর্কতা জারি করা হয়।
কিয়েভ ছাড়াও পূর্বাঞ্চলীয় খেরসন, দিনিপ্রোপেত্রোভস্ক, চেরকাসি, মাইকোলাইভ এবং জাপোরিঝঝিয়া অঞ্চলেও বিমান হামলার সতর্কতা জারি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। বাসিন্দাদের ড্রোন হামলার আশঙ্কায় কাছের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায় স্থানীয় কর্তৃপক্ষ। কিয়েভের সামরিক প্রশাসন স্থানীয় সময় ভোর ৪টা ৪১ মিনিটে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বলেছে, আমরা শহরের বাসিন্দাদের অবিলম্বে নিকটতম আশ্রয়কেন্দ্রে যেতে এবং সতর্কতা শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকার জন্য অনুরোধ করছি।
দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভের মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার সেনাবাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। রোববার ইউক্রেনে কোনো বিমান হামলার সতর্কতা না থাকলেও, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার নিজস্ব যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রায় তিন হাজারটি লঙ্ঘনের খবর দিয়েছে। এর মধ্যে ফ্রন্টলাইনের পোকরোভস্ক অংশে সবচেয়ে বেশি আক্রমণ এবং গোলাবর্ষণ দেখা গেছে।
প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ঘোষিত অস্ত্রবিরতির মেয়াদ রোববার মধ্যরাতে (মস্কো সময়) শেষ হয়। উভয় পক্ষই এই অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে একে-অপরের বিরুদ্ধে। কিয়েভ ও মস্কোর পক্ষ থেকে করা দাবিগুলোর কোনোটিই স্বাধীনভাবে যাচাই করেনি বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের অবসান ঘটাতে সক্রিয়ভাবে চেষ্টা করছেন। রোববার রাতে তিনি বলেন, আশা করি রাশিয়া ও ইউক্রেন এই সপ্তাহেই একটি চুক্তিতে পৌঁছাবে। তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে। বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়া নিয়ন্ত্রণ করে। এই যুদ্ধের ফলে এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত বা আহত হয়েছেন। এদের অধিকাংশই সামরিক সদস্য।
এ সপ্তাহেই যুদ্ধবিরতি চুক্তির আশা ট্রাম্পের
এদিকে আনাদোলু জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করেন রাশিয়া এবং ইউক্রেন এ সপ্তাহে যুদ্ধ বন্ধের জন্য চুক্তি করবে। অবশ্য কোনো শর্ত মেনে এ চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার আশাবাদ প্রকাশ করে বলেছেন, তিনি চান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শেষ করতে দুই পক্ষই এই সপ্তাহে একটি সমঝোতায় পৌঁছাক।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছে যায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সাথে বড় ব্যবসা করতে পারবে, আর এ ব্যবসা থেকে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করবে! যুক্তরাষ্ট্র এখন উন্নতির পথে। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। রাশিয়া ও ইউক্রেন, দুই দেশের সাথেই সমঝোতার পথ খুঁজতে নিয়মিত আলোচনায় রয়েছে ওয়াশিংটন।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল। তারপর থেকে যুদ্ধ চলছে। ট্রাম্প সম্প্রতি বলেছেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে। এরপর গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ঘোষণা করেন, ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে। তবে এরপর দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালানোর পর থেকে যুদ্ধ চলছেই। এতে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে এবং এখন পর্যন্ত কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি।