বাউফলে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ, গ্রেফতারের দাবি

Printed Edition

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখা। গত শুক্রবার বিকেল ৫টায় উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা মো: রফিকুল ইসলামের নেতৃত্বে বাংলা বাজারের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ি এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনের সামনেই জামায়াত নেতাদের ওপর হামলা চালায়। এ ছাড়া ২৮ মার্চ জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দাসপাড়া ইউনিয়ন আমির মো: ইব্রাহিম খলিল ও সেক্রেটারি নাজিম হাওলাদারের ওপর মামুন মেম্বার ও যুবদল নেতা ফিরোজের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এ সময় রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাদের গুরুতর আহত করা হয় বলে বক্তরা উল্লেখ করেন।

বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের হামলা বন্ধ না হলে এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সমাবেশে উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা মো: রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মো: খালিদুর রহমান, নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল ও আইনবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।