মির্জাগঞ্জে টানা ২ দিনের প্রচারণায় ব্যস্ত বিএনপির ভাইস চেয়ারম্যান : আলতাফ হোসেন চৌধুরী

Printed Edition
bangla-4
পটুয়াখালী-১ আসনে গণসংযোগে হাত নাড়ছেন আলতাফ হোসেন চৌধুরী : নয়া দিগন্ত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী মির্জাগঞ্জ উপজেলায় টানা দুই দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। গত ২৯ ও ৩০ জানুয়ারি তিনি উপজেলার কাকড়াবুনিয়া ও মির্জাগঞ্জ ইউনিয়নে পৃথক দুটি নির্বাচনী জনসভায় অংশ নেন। সফরকালে তিনি দক্ষিণাঞ্চলের সুফি সাধক হজরত ইয়ার উদ্দিন খলিফা (রহ:)-এর মাজার শরিফ জিয়ারত করেন। এ ছাড়া কাঁঠালতলী আফতার হোসেন চৌধুরী কলেজ, সুদখালী সরকারি কলেজ পরিদর্শন, জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় করেন তিনি।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য বৈঠকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে তিনি মিলিত হন।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জনসভায় বিএনপির স্থানীয় নেতারা তার সাথে থেকে ধানের শীষের পক্ষে ভোট চান।

স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াত-সমর্থিত এবি পার্টির প্রার্থী ডা: আব্দুল ওহাব মিনার। এ ছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাসদ, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের প্রার্থীরাও মাঠে রয়েছেন।