উচ্চতার কারণে চাকরিতে সমস্যা
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
লম্বায় ছয় ফুট ছয় ইঞ্চি। দাঁড়ালে মাথা গিয়ে ঠেকে বাসের ছাদে। ঘাড় সোজা করে দাঁড়াতে পারেন না তরুণ। এই উচ্চতাই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের এক কন্ডাক্টরের। উচ্চতার কারণে চাকরিতে জটিলতা দেখা দিয়েছে তার। অস্বাভাবিক উচ্চতার কারণে বাসের ভেতরে দাঁড়িয়ে নিয়মিত টিকিট আদায় করা কঠিন হয়ে পড়ছিল তার। তাই তাকে বদলি করা হলো অন্যত্র।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হায়দরাবাদের মুশিরবাদের তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের সদর দফতর থেকে ৫ মে জারি করা হয়েছে এক সরকারি আদেশ। কর্তৃপক্ষ মেহদিপাতনাম ডিপোতে কর্মরত কন্ডাক্টর আমিন আহমেদ আনসারিকে আউট অব ডেজিগনেশন (ওডি) বা নিয়োগপত্রের পদের বাইরে অন্য কোনো দায়িত্ব পালনের অনুমতি দিয়েছেন। আনসারির উচ্চতা ১৯৮ সেন্টিমিটার (ছয় ফুট ছয় ইঞ্চি)। তাকে এর আগেও এক বছরের জন্য ওডির দায়িত্ব দেয়া হয়েছিল, কারণ দেখা গিয়েছিল যে আরটিসি বাসের ভেতরে কাজ করতে বেজায় অসুবিধে হচ্ছিল তার। ঘাড় বাঁকিয়ে চলাফেরা করতে হতো।
২৮ এপ্রিল তার প্রাথমিক ওডি ডিউটির মেয়াদ শেষ হওয়ার পর তা নিয়ে কোনো পরবর্তী সিদ্ধান্ত নেয়া হয়নি। আনসারি তার নিয়মিত দায়িত্বে ফিরে আসেন। এই সময়েই বাসের ভেতরে কাজ করার সময় ক্রমাগত ঝুঁকে থাকার কারণে তিনি ঘাড় ও পিঠে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেন। আনসারির শারীরিক অবস্থা এবং উচ্চতার কারণে সৃষ্ট প্রতিবন্ধকতাগুলো বিবেচনা করে, টিজিএসআরটিসি তাকে ওডি ডিউটিতে পুনর্বহাল করেছে। নতুন নির্দেশিকা অনুসারে, প্রয়োজনের ওপর নির্ভর করে বাসের পাস সেকশন বা রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বাস ডিপোতে কোনো দায়িত্বে বহাল করা হতে পারে বলে সরকারি সূত্রে খবর।