সাদুল্লাপুরে মজুদ রাখা ডিজেলে ডুবে শিশুর মৃত্যু
Printed Edition
সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বসতবাড়িতে মজুদ রাখা ডিজেলে ডুবে আরাফ প্রামাণিক (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাসিন্দা ও ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রামাণিক তার গাড়ির জন্য বাড়ির বারান্দায় অর্ধেক কাটা একটি প্লাস্টিক ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করে রাখেন। গত মঙ্গলবার বিকেলে বারান্দায় খেলছিল শিশু আরাফ। একপর্যায়ে অসাবধানতাবশত ড্রামের ভেতর পড়ে যায় সে।
ঘটনাটি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন এবং পরে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল জানান, শিশুটির লাশ বুধবার সকালে গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।