মিথ্যা মামলার প্রতিবাদে ডিআরইউর মানববন্ধন

Printed Edition
3rd-1
গণমাধ্যমে হামলা, নূরুল কবিরকে হেনস্তা ও ডিআরইউ সাধারণ সম্পাদকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

দ্য নিউএজ সম্পাদক প্রবীণ সাংবাদিক নূরুল কবীরকে প্রকাশ্যে হেনস্তা, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও প্রশাসনিক কর্মকর্তা সোলায়মান হোসাইনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ডিআরইউ।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় ডিআরইউর নেতৃবৃন্দসহ গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, ডিআরইউর সাধারণ সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা। এসব মামলার মাধ্যমে সাংবাদিক সংগঠনকে হয়রানি করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, হয়রানি ও মিথ্যা মামলা গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। তিনি আরো বলেন, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা এবং দ্য নিউএজ সম্পাদক নূরুল কবীরকে প্রকাশ্যে হেনস্তার ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। অতীতেও সাংবাদিকদের ওপর ভয়াবহ হামলা হয়েছে; কিন্তু বিচার না হওয়ায় আজ আবারো এমন দুঃসাহস দেখাচ্ছে দুর্বৃত্তরা।

ডিআরইউ সভাপতি সরকারের সংশ্লিষ্ট দফতরের প্রতি ৭২ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার, নূরুল কবীরকে হেনস্তাকারী এবং প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউ সবসময় তার সদস্যদের পাশে আছে এবং থাকবে। তিনি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলাকে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিপন্থী উল্লেখ করে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। চাইলেই গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যায় না। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, দেশে গণমাধ্যমে হামলা নতুন নয়। অতীতেও বিভিন্ন সংবাদমাধ্যমে হামলার ঘটনা ঘটেছে। আমরা তখনো সাংবাদিকদের অধিকারের পক্ষে রাস্তায় ছিলাম, এখনো আছি। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধনে আরো বক্তৃতা করেন, ডিআরইউ’র সাবেক সভাপতি শফিকুল করিম, প্রথম আলোর অনলাইন এডিটর শওকত হোসেন মাসুম, ডিআরইউর সহসভাপতি মেহদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দফতর সম্পাদক রাশিম মোল্লা প্রমুখ।