ইস্পাহানি জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী সম্পন্ন

Printed Edition
artho-4
ইস্পাহানি জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী সম্পন্ন

‘ইস্পাহানি ৩৭তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ’-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে। এ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি। এছাড়াও বাংলাদেশ ব্রিজ ফেডারেশন ও ইস্পাহানি গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়নশিপের খেলাগুলো রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ই.আর.সি মিলনায়তন ও রাজধানীর অলিম্পিক ভবনে গত ২৩ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ৩৭তম এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ‘শিরোনামহীন’ আর রানারআপ হয়েছে ‘ম্যাক্সিমাস’। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি চ্যাম্পিয়ন ‘শিরোনামহীন’ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন।

বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্রিজ একটি বুদ্ধিবৃত্তিক খেলা। তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ব্রিজ খেলাকে আরো জনপ্রিয় করতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে আরো সম্পৃক্ত করার ওপর জোর দেন। যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম এক বার্তায় বলেন, দেশের প্রচলিত খেলাগুলোর মধ্যে ব্রিজের অনেক আন্তর্জাতিক সাফল্য রয়েছে। ভবিষ্যতে এ খেলার প্রসার ও উন্নয়নে তার মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা করবে। বিজ্ঞপ্তি।