‘প্রতিটি উইকেটই আমার কাছে সমান’
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
একটা মজার বিষয় ঘটেছে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের শেষে পোস্ট ম্যাচে। এসেছিলেন পাঁচ উইকেট নেয়া গতি তারকা নাহিদ রানা। উনাকে যত প্রশ্নই করা হয়েছে, বেশির ভাগ প্রশ্নেরই জবাব দিয়েছেন, ‘সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী বল করেছি’। অবশ উনারই বা দোষ কী, যত সাংবাদিক উপস্থিত ছিলেন এবং যারা প্রশ্ন করেছেন, তাদের সবারই প্রশ্নের ধরণ প্রায় একই ছিল।
ক’দিন আগে রমজানে বাংলাদেশে এসে খেলে গিয়েছে পাকিস্তান। সিরিজের এক ম্যাচে নাহিদ রানা নিয়েছেন পাঁচ উইকেট। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষেও নিয়েছেন পাঁচ উইকেট। কোনটা আপনার কাছে বেশি প্রিয় বা ভালো লেগেছে। জবাবে নাহিদ বলেন, ‘একজন বোলারের কাছে সবই সমান, নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে কিংবা নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানের বিপক্ষে উইকেট নেয়ায় আলাদা কোনো তৃপ্তি নেই। আমার কাছে প্রতিটি উইকেটই সমান।’
তিনি যোগ করেন, আমার আলাদা কোনো পরিকল্পনা ছিল না। স্বাভাবিকভাবে ম্যাচের উপর নির্ভর করে কখন কিভাবে কোথায় বল করতে হবে সেটি বুঝেই বল করি। ম্যাচে যদি ডিমান্ড করে উইকেট নেয়ার কিংবা রান কম দেয়ার- সেভাবেই বল করার চেষ্টা করি। আগে থেকে কোনো কিছু ভেবে বল করি না। দল যখন যা ডিমান্ড করে, সেভাবেই দিতে চেষ্টা করি।’
মাশরাফি বিন মর্তুজাসহ অনেকেই অল্পবয়সে ইনজুরিতে পড়েছেন। কন্টিনিউ খেলতে থাকলে ইনজুরিতে পড়ার সম্ভবনা বেশি। ক্রিকেট বোদ্ধারা পেসারদের নিয়ে সবসময় এমন মন্তব্য করে থাকেন এবং এটাই বাস্তবতা। নিজেকে ফিট রাখতে আলাদা কিছু করছেন কি না জানতে চাইলে এই পেসার জানান, ‘খেলতে গেলে ইনজুরি হবেই, ভয় পেয়ে তো আর যুদ্ধে যাওয়া যায় না। তার পরও নিজেকে যতটুকু নিরাপদ রাখা যায়। নিজেকে ফিট রাখতে কোচ, ট্রেনার, ফিজিও সবার সাথে আলোচনা করি। পেসারদের ইনজুরি হবেই- এটাও জানি এবং মানি।’