ইলেকট্রিক করাতে গলা কেটে একজন নিহত
Printed Edition
বুড়িচং(কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার বুড়িচং উপজেলার পৌরসভার জগতপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটতে গিয়ে করাতের আঘাতে একজন নিহত হয়েছে। নিহতের নাম মোস্তাক মিয়া। সে বুড়িচং পৌরসভার জগতপুর গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা ১১টায় জগতপুর গ্রামের কনু মিয়া, একই গ্রামের জসিম, সুমন ও মোস্তাক মিয়াকে চুক্তিভিত্তিক জগতপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটতে নিয়ে যায়। তারা ইলেক্ট্রিক করাত দিয়ে গাছ কাটার এক পর্যায়ে করাতের আঘাতে গলা কেটে যায়। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার জাহিদ হাসান বলেন, করাতের আঘাতে গলার বেশিরভাগ অংশ কেটে রক্তক্ষরণ হয়ে হাসপাতালে আসার পূর্বেই মারা গিয়েছে। বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ দেখেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।