৩ সন্তান নিয়ে নিদারুণ কষ্টের জীবন বিধবা ফাহামিদার

Printed Edition

নোয়াখালী অফিস

সংসারে ছিল অভাব, কিন্তু ছিল সুখ। পত্রিকা হকার স্বামী বাহার উল্লার সামান্য আয়ে তিন সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতেন ফাহামিদা আক্তার। কিন্তু ক্যানসার কেড়ে নিয়েছে সেই সুখ। গত বছরের ৪ মে বাহারের মৃত্যুর পর এখন তিন এতিম সন্তান নিয়ে দিশাহারা এ বিধবা নারী।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম একলাশপুর গ্রামের এ পরিবারের সম্বল বলতে আছে মাত্র এক শতাংশ ভিটে। বাহারের মৃত্যুর পর স্থানীয় সাংবাদিকদের সহায়তায় ব্যাংকে রাখা সামান্য কিছু জমানো টাকা থেকে মাসে মাত্র ১৪০০ টাকা মুনাফা পান ফাহামিদা। বর্তমান বাজারে এ সামান্য টাকা দিয়ে দু’বেলা খাবার জোটানোই অসম্ভব হয়ে পড়েছে। টাকার অভাবে বড় ছেলে জাহিদ হোসেনের (১৭) পড়াশোনা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়া জাহিদ এখন পরিবারের হাল ধরতে মরিয়া। মেজো মেয়ে মিথিলা আক্তার (১৪) মাদরাসায় পড়ছে, তবে তার পড়াশোনাও বন্ধ হওয়ার উপক্রম। ছোট ছেলে তানভীর (৯) পড়ছে নুরানি মাদরাসায়।

ফাহামিদা আক্তার অশ্রুসিক্ত চোখে বলেন, সন্তানদের মুখে খাবার তুলে দেবো না পড়াশোনা করাব, বুঝতে পারছি না। ওদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। সন্তানদের এতিম দশা আর অভাবের তাড়নায় বিত্তবানদের দিকে তাকিয়ে আছেন এ অসহায় মা। তাকে সাহায্য পাঠাতে পারেন এ বিকাশ নম্বরে : ০১৭৫১ ৭৪৩ ৪৪১।