৫ বছরের বেশি বয়সীদের ওপর বিবিএস জরিপ
দেশে ৯৮.৯ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে
Printed Edition
বিশেষ সংবাদদাতা
দেশে পাঁচ বছর ও তদূর্ধ্ব বয়সী নারী-পুরুষের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের সংখ্যা বাড়ছে। এটি এখন ৯৮.৯ শতাংশে উন্নীত হয়েছে। আর কমেছে টেলিভিশন দেখা ও রেডিওর অনুষ্ঠান শোনার আগ্রহ। ২০২৩ সালের তুলনায় এই মোবাইল ফোন ব্যবহার বেড়েছে ১ শতাংশ। আর ২০২৪ সালের তুলনায় বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে ব্যক্তিপর্যায়ে মোবাইল ব্যবহারকারী ওই বয়সীদের হার ৮০.৬ শতাংশ।
বিবিএস বলছে, আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপে পাঁচ বছর ও তদূর্ধ্ব বয়সী নারী-পুরুষ এবং শহর-পল্লি অঞ্চল অনুযায়ী জাতীয় পর্যায়ে আইসিটির সূচকগুলো ত্রৈমাসিক ভিত্তিতে প্রাক্কলন করা হয়। সমগ্র দেশে দুই হাজার ৫৬৮টি নির্বাচিত নমুনা এলাকায় দৈবচয়নের ভিত্তিতে ২৪টি করে সর্বমোট ৬১ হাজার ৬৩২টি খানায় (বছরে ২ লাখ ৪৬ হাজার ৫২৮টি খানায়) ত্রৈমাসিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দেশের ৬৪টি জেলায় ২১৪ জন প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারীর মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়। এ জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য হতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচকগুলোর অগ্রগতি জানার পাশাপাশি জেলাভিত্তিক ব্যক্তি এবং খানাগুলো দ্বারা আইসিটি ব্যবহার এবং প্রয়োগ সম্পর্কে সর্বশেষ এবং সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে আইসিটি সেক্টরে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সম্ভব হবে।
পাঁচ বছর ও তার বেশি বয়সীদের মধ্যে খানাপর্যায়ে বর্তমানে স্মার্ট ফোন ব্যবহারকারী ৭২.৪ শতাংশ, ইন্টারনেট ৫৬.২ শতাংশ, কম্পিউটার ৯.১ শতাংশ, ল্যান্ডফোন মাত্র ০.৮ শতাংশ, রেডিও ১৫.১ শতাংশ, টেলিভিশন ৫৮.৯ শতাংশ এবং বিদ্যুৎ ব্যবহারকারী ৯৮.৯ শতাংশ। গ্রামের তুলনায় শহরে রেডিও, টেলিভিশন, ল্যান্ডফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, বিদ্যুৎ ব্যবহারকারী বেশি। তবে শুধু মোবাইল ফোন ব্যবহারকারী গ্রামে বেশি- গ্রামে ৯৮.৭ শতাংশ আর শহরে ৯৭.৪ শতাংশ। তবে গ্রামে মাত্র ৩.৭ শতাংশ কম্পিউটার ব্যবহার করলেও শহরে সেটা ২০.৭ শতাংশ। গ্রামে ৫১ শতাংশ ইন্টারনেট ব্যবহার করলেও শহরে ৬৪ শতাংশ।
অর্থবছরের হিসাবে ২০২৪-২৫ এর তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে রেডিও, টেলিভিশন, স্মার্টফোন ব্যবহার কমেছে। তবে বর্তমানে বেড়েছে বিদ্যুৎ ব্যবহার, মোবাইল ফোন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার। কিন্তু ২০২৩ সালের তুলনায় গত দুই বছরে সবক্ষেত্রেই ব্যবহারকারী বেড়েছে।
এ দিকে ব্যক্তিপর্যায়ে বতর্মানে নিজস্ব মোবাইল ফোন ব্যবহারকারী ৫৬.৫ শতাংশ, মোবাইল ব্যবহারকারী ৮০.৬ শতাংশ, ইন্টারনেট ব্যবহার করছে ৪৮.৯ শতাংশ এবং কম্পিউটার ১০ শতাংশ।