সিদ্ধিরগঞ্জে নকল স্ট্যাম্প তৈরির কারখানার সন্ধান, আটক ২
Printed Edition
নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে এ সময়। ওই কারখানা থেকে কোটি টাকার নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হযেছে। গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলকায় পুলিশের এ অভিযান চালায়। আটকরা হলেন মিন্টু খান (৩৮) ও মোহাম্মদ মুন্না ইসলাম (২১)। পুলিশ জানায়, মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেলসংলগ্ন এলাকায় সবুজ ওরফে মোতাহার নামে এক ব্যক্তি ভবন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে আসছিলেন। এসব নকল স্ট্যাম্প দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে নকল স্ট্যাম্প তৈরির দু’টি মেশিন এবং ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকা মূল্যমানের কয়েক কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক এ তথ্য জানিয়ে বলেন, এ চক্রের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দকৃত স্ট্যাম্পের গণনা শেষে বিস্তারিত জানানো হবে।