ঢাকায় জাতীয় হাসন উৎসব উদযাপিত
Printed Edition
মরমী সাধক হাসন রাজার ১৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে হাসন রাজা ফাউন্ডেশন ও মাসিক বাঙলাকথার উদ্যোগে ২১ ডিসেম্বর ঢাকায় ‘জাতীয় হাসন উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও হাসন সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাসন রাজার প্রপৌত্র, লেখক, গবেষক ও হাসন রাজা ওয়াকফ এস্টেটের মুতাওয়াল্লি দেওয়ান সমশের রাজা চৌধুরী, কবি ও কথাসাহিত্যিক, বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ অধ্যাপক ডা: জালাল উদ্দীন চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কপিরাইট অফিসের সাবেক নিবন্ধক জাফর রাজা চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব কথাসাহিত্যিক আহমেদ ফরিদ, বিশিষ্ট সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী, আইন ও বিচার-এর সম্পাদক অ্যাডভোকেট শফিকুর রহমান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসন রাজা ফাউন্ডেশন ও বাঙলাকথার উপদেষ্টা, নজরুল গবেষক যুগ্ম সচিব মো: জেহাদ উদ্দিন। সভাপতিত্ব করেন হাসন গবেষক, শিল্পী, হাসন রাজা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসন রাজার প্রপৌত্র সামারীন দেওয়ান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ফারোহা সোহরাওয়ার্দী, ফরেন সার্ভিস অ্যাকাডেমির মহাপরিচালক ইকবাল আহমেদ, বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খান প্রমুখ। অনুষ্ঠানে ‘হাসন রাজা তুমি কে’ নামে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। সভায় মরমী সাধক হাসন রাজার জীবন ও দর্শনের উপর আলোচনার পর গানে গানে হাসন রাজার জীবন-দর্শন তুলে ধরেন সামারীন দেওয়ান। তাকে সহযোগিতা করেন সঙ্গীতশিল্পী রাজিন শারাফি ও হৃদয়। সঙ্গীত সন্ধ্যায় হাসন রাজার একক সঙ্গীত পরিবেশন করেন সেলিম চৌধুরী, পল্লীগীতি সম্রাট আব্দুল আলীমের সুযোগ্য সন্তান আজগর আলীম, লাভলী দেব, রুমী আজনবী, রাজিন শারাফি, মুবিন আহমেদ, জয়ন্ত পাল জয় ও রেদোয়ান ইসলাম হৃদয়। বিজ্ঞপ্তি।