সাগরপথে মিয়ানমারে পাচারকালে ৫০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৮
Printed Edition
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সাগরপথে মিয়ানমারে পাচারের সময় একটি ফিশিং বোটসহ বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় আটজন পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কোস্টগার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ চট্টগ্রামের বাঁশখালী গণ্ডামারা ও কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলের লাইটহাউজ-সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ফিশিং বোটে তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ৭৫ হাজার টাকা বলে জানা গেছে। একইসাথে পাচারকাজে ব্যবহৃত বোট জব্দ এবং বোটে থাকা আটজনকে আটক করা হয়। কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি এন সুমন আল মুকিত জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।