নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলা : নিহত ৫
Printed Edition
রয়টার্স
নাইজেরিয়ার বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরোতে মাগরিবের নামাজের সময় একটি মসজিদের ভেতরে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে পাঁচজন জন নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় আরো অন্তত ৩৫ জন আহত হয়েছে।
এই হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বৃদ্ধির মধ্যেই এই হামলা চালানো হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আল-আদুম মসজিদে বিস্ফোরণটি ঘটে। তখন মাগরিবের নামাজের জন্য মানুষেরা সমবেত হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা আতঙ্কের দৃশ্য বর্ণনা করেছেন। আহতদের মাইদুগুরো বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতাল এবং স্টেট স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাজারের স্থানীয় নেতা মাস্তা ডালোরি বলেন, ‘কেউ জানে না কী ঘটেছে। নামাজের সময়ই বোমাটি বিস্ফোরিত হয়েছিল। আল্লাহ তায়ালা এটি ঘটবে তা নির্ধারণ করে রেখেছেন, কিন্তু কিভাবে এটি ঘটেছে তার বিস্তারিত কেউ বলতে পারবেন না।’
বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম এই হামলার নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘অত্যন্ত নিন্দনীয়, বর্বর এবং অমানবিক’ বলে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে তিনি ধর্মীয় স্থানগুলো এবং জনসমাগমের স্থানে সতর্কতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।