গৌরীপুরে ঝড়ে লণ্ডভণ্ড মাদরাসা শিক্ষা কার্যক্রম ব্যাহত
Printed Edition
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ঝড়ের আঘাতে একটি মাদরাসার তিনটি শ্রেণীকক্ষের টিনের ছাউনি উড়ে গেছে। এতে শ্রেণীকক্ষগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত রোববার রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় অবস্থিত শিবপুর লিয়াকত উলূম আলীম মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় মাদরাসার হাফ-বিল্ডিং ভবনের ওপরের টিনের ছাউনি ও ছাদের কিছু অংশ উড়ে যায়। এতে শ্রেণীকক্ষগুলোতে পাঠ দান করার অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ঝড়ের সময় প্রবল বাতাসে মাদরাসা ভবনের টিনের ছাউনি উড়ে গিয়ে দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। ঘটনাটি রাতে ঘটায় কোনো শিক্ষার্থী বা শিক্ষক হতাহত হননি।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দিন বলেন, প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিল না থাকায় হঠাৎ এই ক্ষতি মেরামত করা তাদের পক্ষে সম্ভব হবে না। এদিকে দ্র্রুত সংস্কার না করা হলে শতাধিক শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হবে। এ জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি। এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা বলেন, ঘটনাটি জানতে পেরেছি। ক্ষয়ক্ষতির ছবি ও লিখিত আবেদন দিতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।