কমলগঞ্জে ১৯ দিন বন্ধ হাসপাতাল চিকিৎসাসেবা বঞ্চিত চা-শ্রমিকরা

Printed Edition

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা-বাগান এলাকায় অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসাসেবা টানা ১৯ দিন বন্ধ থাকায় চা-শ্রমিকদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। দ্রুত হাসপাতাল চালুসহ চার দফা দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন শ্রমিকরা।

গতকাল বুধবার চা-শ্রমিক সঙ্ঘের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করে। একই দাবিতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছেও স্মারকলিপি দেয়া হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ডানকান ব্রাদার্সের অধীনে পরিচালিত ১৫টি চা-বাগানের শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৯৯৪ সালের ২৬ মার্চ ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে হাসপাতালটি বন্ধ থাকায় তারা ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন।

শ্রমিকরা জানান, দৈনিক সর্বোচ্চ ১৮৭ টাকা ৪৩ পয়সা মজুরিতে কাজ করেও তারা শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। হাসপাতাল বন্ধ থাকায় তাদের দুর্ভোগ বহুগুণে বেড়েছে।

গত ২৭ মার্চ এক কিশোরী চা-শ্রমিক সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর নিরাপত্তার অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ সেবা বন্ধ করে দেয়। এরপর থেকে টানা ১৯ দিন চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। এ সময় চিকিৎসার অভাবে অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যুর অভিযোগও উঠেছে।

শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছে, অবিলম্বে হাসপাতাল চালু, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চিকিৎসক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা।