বিগত সরকার চিকিৎসাসেবা খাতকে পিছিয়ে দিয়েছে : প্রতিমন্ত্রী আজাদ
Printed Edition
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, বিগত সরকার চিকিৎসাসেবা খাতকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। গতকাল শুক্রবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মতবিনিময় ও পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, বোদা উপজেলায় মাত্র ৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে। শুক্রবার সেখানে প্রায় ৬৩ জন রোগী ভর্তি হয়েছে। বাকি ১৩ জন রোগীকে মেঝেতে থাকতে হচ্ছে। অন্যান্য দিনে ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি হয়। তাই এই হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো জানান, এখানে পর্যাপ্ত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীর ঘাটতি রয়েছে। আমরা চারজন কনসালট্যান্ট ও মেডিক্যাল অফিসার নিয়োগের চেষ্টা করছি। প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর বিষয়ে তিনি বলেন, আমাদের যে মেডিক্যাল ইকুইপমেন্ট প্রয়োজন, তা ঢাকায় স্বাস্থ্যমন্ত্রী অথবা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সাথে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা করব।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিটি মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসতে চায়। এ সময় অন্যান্যের মধ্যে জেলা সিভিল সার্জন মিজানুর রহমান, ইউএনও রবিউল ইসলাম, উপজেলা কর্মকর্তা লুৎফুল কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।