অধিনায়ক কোচ ঠিক হয়নি চট্টগ্রামের
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
কোটি টাকার ওপরে ওপেনার নাঈম শেখকে কিনে আলোচনায় আসে চট্টগ্রাম রয়্যালস। অবশ্য হাবিবুল বাশার সুমনের মেন্টরের পদ থেকে সরে যাওয়া, ক্লাব ক্রিকেটে আমিন খানের সংশ্লিষ্টতা, সব কিছু নিয়ে কিছুটা অগোছালো। সব দল যেখানে কোচ ও অধিনায়কের নাম ঘোষণা করেছে, সেখানে পিছিয়ে ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশী একজন কোচের নাম শোনা গেলেও তার আসাটা অনিশ্চিত। তার পরও নিজেদের কিছুটা গুছিয়ে নিয়েছে দলটি। সবার শেষে সিলেটে অনুশীলন করেছে তারা। কিছু দিন আগেও বিতর্ক গ্রাস করেছিল। তবে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের শক্ত অবস্থানের কারণে গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
চট্টগ্রাম দলে প্রধান কোচ হিসেবে কাজ করছেন মমিনুল হক। ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা আমিন খান তার নিয়োগে ভূমিকা রাখায় সন্দেহের তীর ফ্র্যাঞ্চাইজির দিকে।
বিপিএল গভর্নিং কাউন্সিল বিষগুলোকে গুরুত্বের সাথে নিয়ে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষকে সতর্ক করায় এবং ইন্টিগ্রিটি ইস্যুতে শূন্য ছাড়ের হুমকি দেয়ায় কোচিং ও টিম অফিসিয়াল সতর্ক হয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে হাবিবুল বাশার মেন্টরের পদ ছেড়ে দেয়ার পর বিতর্কের আগুনে ঘি পড়ে। তার জায়গায় জাতীয় দলের সাবেক ব্যাটার তুষার ইমরানকে মেন্টর ও ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়ে প্রশংসিত হয়েছে।
বিদেশী কোচ নিয়োগেরও উদ্যোগ গ্রহণ নিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্পের সাথে যোগাযোগ করলেও টুর্নামেন্টের প্রথম থেকে তাকে পাওয়ার সম্ভাবনা নেই। তুষার ইমরান বলেন, ‘জাস্টিন বর্তমানে একটি দলের সাথে থাকায় সম্ভবত সময় দিতে পারবেন না। আমার জানা নেই কবে আসবেন তিনি।’ ম্যানেজার লাবলুর রহমানও জানেন না বিদেশী কোচের নিয়োগ সম্পর্কে।
তবে পিছিয়ে পড়েছে বিদেশী ক্রিকেটার সংগ্রহে। পল স্টারলিং, নিরোশান ডিকওয়েলা, লেগ স্পিনার আবরার আহমেদেরও খেলা হবে না। ম্যানেজার লাবলুর রহমান বলেন, ‘প্রথম এক-দুই ম্যাচে দুই বা তিন বিদেশি খেলাতে হতে পারে। আইএল টি-২০ শেষ হলে ভালো মানের ক্রিকেটার পাওয়ার সম্ভাবনা আছে।
ছিটকে গেলেন নাঈম হাসান
বিপিএল শুরুর এক দিন আগে দুঃসংবাদ পেল রংপুর রাইডার্স। শিরোপাতে চোখ রেখে নামী-দামি তারকা ক্রিকেটারদের নিয়ে দল গোছায় তারা। সেরা একাদশ বাছাই করতে প্রস্তুতি ম্যাচ খেলার সময় সাইড স্ট্রেনের চোটে পড়েন নাঈম। এই চোটের কারণে বিপিএলের প্রথম দুই পর্ব তথা সিলেট ও চট্টগ্রাম পর্ব খেলা হবে না এই স্পিনারের। বিসিবির মেডিক্যাল বিভাগ দুই সপ্তাহের বিশ্রামে থাকতে বলেছে। টুর্নামেন্টের বাকি অংশ খেলতে পারা নিয়েও রয়েছে শঙ্কা।
নোয়াখালীতে নবি ও তার ছেলে
বিপিএল ১২তম আসরে একই দলে বাবা ও ছেলেকে খেলতে দেখা যাবে। আফগানিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ নবির ছেলে হাসান ঈসাখিলকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ১৯ বছর বয়সী এই আফগান আনক্যাপড (জাতীয় দলে অভিষেক না হওয়া) ওপেনিং ব্যাটারকে স্বাগত জানানো হয়। আগামীকাল চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই সিলেটে ফ্র্যাঞ্চাইজিটির সাথে যোগ দেয়ার কথা রয়েছে ঈসাখিলের।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নবি ও ইসাখিলের ছবি পোস্ট করেছে নোয়াখালী। আঞ্চলিক ভাষায় ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে’ অর্থাৎ বাবা-ছেলে নোয়াখালীতে এসেছে।
এর আগেও আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে একই দলে জুটি বেঁধে খেলেছেন নবি ও ইসাখিল। এবার বিপিএলে দেখার অপেক্ষায় ভক্তরা। টি-২০তে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ১২৪.১৯ স্ট্রাইকরেটে করেছেন ৭৩৪ রান করেছেন ইসাখিল। ব্যাটিং গড় ২৭.১৮। ফিফটি করেছেন ছয়টি।
লামিচান ট্রফির স্বপ্ন দেখালেন রাজশাহীকে
নেপালের তারকা লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে নাম লিখিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সে। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেললেও বিপিএলে এটি লামিচানের দ্বিতীয়। সাত বছর আগে সিলেট রয়্যালসের হয়ে খেলেছিলেন। সিলেটে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে বাংলাদেশের প্রশংসা করেন লামিচানে, ‘এখানের ক্রিকেটের অবকাঠামো বেশ ভালো। সমর্থকরা সবসময়ই দারুণ। প্রায় সাত বছর পর এলাম। ২০১৯ সালে সর্বশেষ এসেছিলাম। ভালো একটি টুর্নামেন্টের অপেক্ষায় আছি।’
নিজের রাজশাহী দল নিয়ে লামিচানের আত্মবিশ্বাস স্পষ্ট। ‘ওয়ারিয়র্স দলটা দারুণ। সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। দলের ভেতরের পরিবেশ অসাধারণ। টপ অর্ডার থেকে শুরু করে বটম, দারুণ প্রতিভা, পেস ইউনিট, স্পিনার সব কিছুই দারুণ। শান্ত দলকে নেতৃত্ব দিবে। মুশফিক অনেক অভিজ্ঞ। বিদেশিদের নিয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দল। সবাই মুখিয়ে আছে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জেতার জন্য।’
বিপিএলের উদ্বোধনী ম্যাচেই ঘরের দল সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম ম্যাচের লক্ষ্য নিয়ে লামিচানে স্পষ্ট করে বলেন, দর্শকদের ভালো কিছু দিতে চাই, দলকে ২ পয়েন্ট এনে দিতে চাই।
সেঞ্চুরির রেকর্ডটা নিজের করতে চান ইমন
টি-২০তে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা লম্বা সময় ধরে পারভেজ হোসেন ইমনের দখলে ছিল। ২০২০ সালে ৪২ বলে ১০০ করেছিলেন। পাঁচ বছর পর গত মাসে রাইজিং স্টার্স এশিয়া কাপে হাবিবুর রহমান সোহান ৩৫ বলে ভেঙেছেন পারভেজের রেকর্ড।
সিলেট টাইটান্সের হয়ে বিপিএল খেলার অপেক্ষায় পারভেজ। গতকাল অনুশীলনের ফাঁকে সেঞ্চুরি প্রসঙ্গ উঠতেই বললেন, ‘সুনির্দিষ্ট কিছু নেই। ওভাবে ভাবছি না, নিজের প্রক্রিয়া অনুযায়ী খেলার চেষ্টা করব। আশা তো থাকবেই আরো কম বলে সেঞ্চুরি করার। এটি অবশ্য বলে কয়ে হয় না।’
গতবার চিটাগং কিংসের হয়ে ১৩ ম্যাচে ১৩০ স্ট্রাইক রেটে ৩৩৮ রান করেছিলেন পারভেজ। শুরুটা তেমন ভালো ছিল না। এবার শুরু থেকে ভালো করতে মুখিয়ে পারভেজ। ‘চেষ্টা করব সেরাটা দেয়ার। অনুশীলন খুব ভালো হয়েছে। বিশ^কাপের আগে ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে।’