কটিয়াদীতে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

Printed Edition
bangla-6
কটিয়াদীতে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের কটিয়াদীতে একাধিক গ্রামবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গত সোমবার উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল ও রামদি গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে গ্রামবাসীরা অভিযোগ করেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কাল্পনিক অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ছাড়া মামলা গ্রহণ না করার আহ্বান জানান এবং দায়ের করা সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। লিখিত বক্তব্যে আতিকুল্লাহ সিদ্দিক বলেন, স্থানীয় এক ব্যক্তি নিজের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের লোকজনকে নানা মামলায় জড়াচ্ছেন। এতে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে এবং অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে অভিযুক্ত আব্দুল মতিন ওরফে বাতেন অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো তার জমি দখলের চেষ্টা করা হয়েছে এবং তিনি ও তার পরিবার নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম সবুজ জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও সমাধান হয়নি। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ঈসরাইল মিয়া বলেন, অভিযোগ সত্য হলে তা দুঃখজনক এবং বিষয়টি তদন্ত প্রয়োজন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা